নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য এস্কাফসহ এক ব্যক্তিকে আটক করেছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ। মাদকের বিস্তার রোধে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) রাত আনুমানিক ১০টায় গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছবুরের দিকনির্দেশনায় পুলিশের একটি দল উপজেলার মর্ণেয়া ইউনিয়নের তালপট্টি হাজীপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে ৫ বোতল এস্কাফসহ আব্দুর রশিদ (৫২) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত আব্দুর রশিদ মর্ণেয়া ইউনিয়নের তালপট্টি হাজীপাড়া গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
অভিযানে অংশ নেন এসআই শামীম আহমেদ, এসআই সাহিনুর আলম, এসআই মানিক, এএসআই শহীদুল্লাহ কায়সার এবং এএসআই মাসুদ মণ্ডল।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছবুর বলেন, “মাদকের বিরুদ্ধে গঙ্গাচড়া থানা পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। মাদক কারবারি, মাদক ব্যবসায়ী কিংবা মাদকসেবী—কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং তথ্য পাওয়া মাত্র অভিযান পরিচালনা করা হবে। মাদকমুক্ত গঙ্গাচড়া গড়তে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে নিয়মিত অভিযান এবং গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।