দীর্ঘ ১৮ বছরের ভোগান্তি পলাশবাড়ী পলিটেকনিক থেকে ফলিয়া রাস্তা পাকা করার দাবিতে ৫ গ্রামের মানুষের

2026-07-05 21:03:08
news-picture

বায়েজীদ পলাশবাড়ী (গাইবান্ধা):

গাইবান্ধার পলাশবাড়ী পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হতে ফলিয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘ ১৮ বছর ধরে কাঁচা ও বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তাটি পাকাকরণের দাবিতে এবার সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয় পাঁচটি গ্রামের হাজারো ভুক্তভোগী মানুষ।

এলাকাবাসীর অভিযোগ, গত ১৮ বছর ধরে রাস্তাটি পাকাকরণের জন্য স্থানীয় একাধিক সংসদ সদস্য (এমপি) মহোদয়ের কাছে বারবার আবেদন জানানো হয়েছে। প্রতিবারই নির্বাচনের আগে ও পরে সাবেক এমপিরা রাস্তাটি দ্রুত পাকা করে দেওয়ার আশ্বস্ত ও প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয়, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই আশ্বাসের কোনো বাস্তবায়ন ঘটেনি। ফলে বছরের পর বছর ধরে এলাকাবাসীর ভাগ্যে শুধুই জুটেছে অবহেলা আর চরম ভোগান্তি।

সরেজমিনে জানা যায়, পলাশবাড়ী পলিটেকনিক্যাল থেকে ফলিয়া পর্যন্ত এই রাস্তাটি এলাকার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। রাস্তাটি পাকা হলে স্থানীয় পাঁচটি গ্রামের মানুষ অত্যন্ত সহজে ও স্বল্প সময়ে পীরগঞ্জের চতরা পর্যন্ত যাতায়াত করতে পারবেন। এতে যেমন সময় বাঁচবে, তেমনি এলাকার উৎপাদিত কৃষিপণ্য সহজে বাজারজাতকরণের মাধ্যমে গ্রামীণ অর্থনৈতিক চিত্র বদলে যাবে।

বর্তমানে সামান্য বৃষ্টি হলেই কাঁচা এই রাস্তাটি কর্দমাক্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী এবং সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে জরুরি কোনো রোগীকে হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে এই রাস্তাটি যেন এক নরকযন্ত্রণায় রূপ নেয়।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা বছরের পর বছর শুধু আশ্বাসই পেয়েছি, কাজের কাজ কিছুই হয়নি। এবার আমরা আমাদের জননন্দিত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আকুল আবেদন জানাচ্ছি, তিনি যেন আমাদের এই দীর্ঘ ১৮ বছরের দুঃখ-কষ্ট লাঘবে এবং এলাকার যাতায়াত ব্যবস্থা সহজ করতে রাস্তাটি দ্রুত পাকাকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

এলাকার সার্বিক উন্নয়ন এবং চতরা পর্যন্ত সহজ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী ৫ গ্রামের আপামর জনতা।