গঙ্গাচড়ায় বেপরোয়া গতির বলি কিশোর রঙ্গন, গাছের সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু

2026-07-05 21:30:08
news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রান্তিক গোস্বামী রঙ্গন (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বেতগাড়ী ইউনিয়নের শাহপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রান্তিক গোস্বামী রঙ্গন বেতগাড়ী ইউনিয়নের রামনগর গ্রামের প্রদীপ গোস্বামী ও রত্না রানী গোস্বামীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রান্তিক একটি মোটরসাইকেল নিয়ে পাগলাপীর বাজারে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে পাগলাপীর-বেতগাড়ী সড়কে দ্রুত ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় শাহপাড়া এলাকায় সাবেক বেতগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন শাহর বাড়ি সংলগ্ন স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর  বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।” কিশোরের আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।