নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩০০ গ্রাম হেরোইন ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার (৬ জুলাই) সকাল আনুমানিক ১১ টায় গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছবুরের নির্দেশনায় থানার একটি চৌকস পুলিশ দল গঙ্গাচড়া ইউনিয়নের গঙ্গাচড়া বাজারের পাবলিক টয়লেটের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন— মো. আব্দুল আলীম (৪০), পিতা- ইমান আলী, সাং- গঙ্গাচড়া বাজার এবং মো. শাহিনুর ইসলাম (৪২), পিতা- সুলতান আলী, সাং- দোলাপাড়া, গঙ্গাচড়া।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, “মাদকের বিরুদ্ধে গঙ্গাচড়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।”