গঙ্গাচড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন, ঋণ ও প্রণোদনার চেক বিতরণ

2026-07-07 00:41:46
news-picture

নিজস্ব প্রতিবেদক:

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং ঋণ ও প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মাল্টিপারপাস হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে এবং তথ্যসেবা কর্মকর্তা তাসনীম খুশবীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামান হাসান।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার, গঙ্গাচড়া মডেল থানার ওসি (তদন্ত) আবু হানিফ সরকার, উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, প্রধান শিক্ষক নুরুজ্জামান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রায়হান সিরাজী বলেন, দেশের প্রায় ৮০ শতাংশ মানুষ পল্লী অঞ্চলে বসবাস করে। তাদের দক্ষতা বৃদ্ধি, উদ্যোক্তা মনোভাবের বিকাশ এবং সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার মাধ্যমে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্যেই বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়নের প্রশ্নে সরকার ও বিরোধী দল—সকলের লক্ষ্য এক হওয়া উচিত।

অনুষ্ঠান শেষে আলেকিশামত মাঝাপাড়া মহিলা পল্লী উন্নয়ন সমিতির ১২ সদস্যের মাঝে ৪ লাখ ৯০ হাজার টাকার এবং পেয়াদাপাড়া পল্লী উন্নয়ন সমিতির ১২ সদস্যের মাঝে ৪ লাখ ৮০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

এছাড়া কিশোরী সঞ্চয় কর্মসূচি ও সরকারি প্রণোদনার আওতায় বড়বিল উচ্চ বিদ্যালয়ের ২০ শিক্ষার্থীর মাঝে ৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। একই সঙ্গে সমিতির সদস্যদের মধ্যে পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।