গঙ্গাচড়ায় নসিমনের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত বাগেরহাটে শ্বশুরবাড়ি যাওয়ার পথে প্রাণ গেল ভুট্টা ব্যবসায়ীর

2026-07-12 01:11:22
news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নসিমনের চাপায় মিজানুর রহমান ভুট্টু (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গঙ্গাচড়া-বেতগাড়ী সড়কের বড়বিল ইউনিয়নের মালিপের বাজার সংলগ্ন হাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান ভুট্টু উপজেলা সদর ইউনিয়নের ধামুর এলাকার মকবুল মিয়ার ছেলে। তিনি স্থানীয়ভাবে ভুট্টা ও তামাক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, মিজানুর রহমান মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি বাগেরহাটের উদ্দেশে রওনা দিয়েছিলেন। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনার শিকার হন।

স্থানীয়রা জানান, হাজীপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি গরুবাহী নসিমন আসতে দেখে মিজানুর রহমান মোটরসাইকেল থামিয়ে সড়কের পাশে দাঁড়ান। এ সময় নসিমনের একটি অংশ তাঁর শরীরে আঘাত করলে তিনি গাড়িটির নিচে পড়ে যান। পরে নসিমনটি তাঁকে কিছুদূর টেনে নিয়ে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর নসিমনের চালক গাড়িটি ফেলে পালিয়ে যান। খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত নসিমনটি জব্দ করে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে নসিমনটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।