ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

2026-07-14 06:15:14
news-picture

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সরকার কর্তৃক নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে  সোমবার দুপুরে  উপজেলার আন্ধারি ঝাড় ইউনিয়নের বামনের কুঠি গ্রামের সাইফুর রহমানের পুত্র জনৈক নুর নবী (৩৫), এর বসতবাড়িতে মজুদ করে রাখা এসব নিষিদ্ধ চায়না জাল জব্দ করা হয়। অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তি বাড়িতে অবস্থান না করায় তাকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ৪২ টি  জালের আনুমানিক দৈর্ঘ্য প্রায় ৩হাজার মিটার বা ৩ কিলোমিটার।

 জব্দকৃত এসকল নিষিদ্ধ জাল পরবর্তীতে বিধি  মোতাবেক ধ্বংস করা হবে বলে পুলিশ জানায়।

এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, চায়না দুয়ারি (বা ম্যাজিক জাল) মূলত মাছ ধরার ফাঁদ হিসেবে ব্যবহৃত একটি অত্যন্ত ক্ষতিকর জাল। এতে ছোট-বড় যেকোনো জলজ প্রাণী একবার ঢুকলে আর বের হতে পারে না। দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য ধ্বংসের কারণে বাংলাদেশে এর উৎপাদন, আমদানি ও ব্যবহার আইনত দণ্ডনীয়। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন(১৯৫০) অনুযায়ী এ ধরনের জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। তিনি আরো বলেন, দেশীয় জীব-বৈচিত্র্য রক্ষার্থে নিষিদ্ধ এই জালের বিরুদ্ধে পুলিশের অভিযান চলবে।