পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জে কয়েকদিনের টানাবৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ পরিবারে মাঝে রংপুর জেলা পরিষদ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে ।
বুধবার দুপুরে উপজেলার পাঁচগাছী ইউনিয়নের একতাবাজার প্রাথমিক বিদ্যালয় মাঠে রংপুর জেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেন রংপুর জেলা বিএনপি’র আহ্বায়ক জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম। খাদ্য সামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল লবণ ও চিড়া ছিল।
আলোচনা সভায় জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম বলেন, এই এলাকায় দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকারি-বেসরকারি সকল পর্যায় থেকে এই সহায়তা কার্যক্রম দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রংপুর জেলা পরিষদ অসহায়দের পাশে থাকবে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা আব্দুল আজিজ, পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সাধারন সম্পাদক জাকির হোসেন প্রমুখ। এ সময় জেলা পরিষদের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রেড ক্রিসেন্ট এর স্বেচ্ছাসেবীগণ উপস্থিত ছিলেন।