গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার(১৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক পৌনে ৯টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের মায়ামনি চারমাথা মোড় এলাকায় ঢাকা- রংপুর মহাসড়কের পাশ থেকে পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন ২ ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয় । গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার বালাটারী গ্রামের মৃত জরিদুর মিয়ার ছেলে হযরত আলী (৬২) এবং পাবনা জেলার সদর উপজেলার মহেন্দ্রপুর (মহিষগাড়া) গ্রামের আব্দুস ছালামের স্ত্রী শাহানাজ বেগম (৫০)।
গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক কারবারিদ্বয়কে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।