নিজস্ব প্রতিবেদক:
ন্যায়বিচার, সংস্কার এবং সমতাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেন, বিরোধী দলের বক্তব্য রাজনৈতিক হলেও দেশের স্বার্থে সরকার ও বিরোধী দলকে একসঙ্গে সব সংকট মোকাবিলা করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রংপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেশের প্রথম জুলাই শহিদ আবু সাঈদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং স্মরণসভায় অংশ নেন।
মন্ত্রী আহমেদ আজম খান বলেন, ন্যায়বিচার, সংস্কার এবং সমতাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, জুলাইয়ের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রেরণা হিসেবে কাজ করবে। জাতির স্বার্থে সব রাজনৈতিক শক্তিকে পারস্পরিক সহনশীলতা ও সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
স্মরণসভায় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, জুলাই যোদ্ধারা আমাদের অহংকার। তাদের কাছে দেশ ঋণী। শহীদদের আত্মত্যাগ কখনো বিফলে যাবে না। সবার সহযোগিতায় ভাঙাচোরা দেশকে একটি সমৃদ্ধ ও সোনার বাংলায় পরিণত করতে হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্বের শক্তি। জুলাই যোদ্ধাদের দেখানো আদর্শ ও পথ অনুসরণ করে তরুণ প্রজন্মকে এগিয়ে যেতে হবে। তিনি আধুনিক ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
এর আগে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় শোক র্যালির মাধ্যমে। পরে আলোচনা সভা, দোয়া, স্মৃতিচারণ এবং শহীদ আবু সাঈদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। কর্মসূচিতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
জেলা প্রশাসন ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেবেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা।
দেশের প্রথম জুলাই শহীদ আবু সাঈদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলার পীরগঞ্জ উপজেলার বামনপুরে তার কবর জিয়ারত করেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ। তারা ফুলেল শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং শহীদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
দিনব্যাপী আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাদের স্মৃতি সংরক্ষণ এবং আদর্শকে ধারণ করেই একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানে অংশ নেওয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে রংপুরে জুলাই শহিদ দিবসের কর্মসূচি শ্রদ্ধা, আবেগ ও গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়।