চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের কোলা সাঁতরে পাট কাটতে যাওয়ার সময় পানির স্রোতে তলিয়ে যাওয়া লিয়াকত মন্ডল (৭০) নামে এক বৃদ্ধের ঘটনার একদিন পরও কোনো সন্ধান মেলেনি।
রোববার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার থানাহাট ইউনিয়নের হাটিথানা পুটিমারী এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ লিয়াকত মন্ডল ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে একটি হাঁড়ি সঙ্গে নিয়ে ব্রহ্মপুত্র নদের কোলা সাঁতরে চরে পাট কাটতে যাচ্ছিলেন লিয়াকত মন্ডল। কোলার মাঝপথে প্রবল স্রোতে হাঁড়িটিতে পানি ঢুকে সেটি ডুবে যায়। এ সময় তিনিও পানিতে তলিয়ে যান। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের নাতি লিয়ন মন্ডল বলেন, খবর পেয়ে স্থানীয়রা জাল দিয়ে অনেক খোঁজাখুঁজি করেন। পরে রংপুর থেকে আসা ডুবুরি দলও দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালায়। কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
সরেজমিনে সোমবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নিখোঁজ বৃদ্ধের সন্ধানে স্থানীয়রা এখনো দেশীয় পদ্ধতিতে দড়িতে বড়শি বেঁধে নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। নদীর তীরে ভিড় করেছেন স্বজন ও উৎসুক মানুষ। প্রিয়জনের কোনো খোঁজ না মেলায় স্বজনদের উদ্বেগ ও উৎকণ্ঠা ক্রমেই বাড়ছে। শেষবারের মতো হলেও তাকে খুঁজে পাওয়ার আশায় তারা নদীর তীরে অপেক্ষা করছেন।
চিলমারী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার তন্ময় কুমার বর্মণ বলেন,‘রংপুর থেকে আসা ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত ব্যাপক তল্লাশি চালিয়েও নিখোঁজ বৃদ্ধের সন্ধান পায়নি। তবে ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত একটি কাস্তে উদ্ধার করা হয়েছে।
চিলমারী নৌবন্দর ফাঁড়ির ইনচার্জ (আইসি) গোলাম মওলা বলেন,‘নিখোঁজ বৃদ্ধের সন্ধানে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।’