রংপুর প্রতিনিধি:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে বিরাট পরিবর্তন এসেছে। ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে, এখন দেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ এসেছে। তিনি বলেন, অতীতে মানুষের কথা বলার ও লেখার স্বাধীনতা ছিল না। বর্তমানে গণমাধ্যম স্বাধীনভাবে সত্য-মিথ্যা সবকিছু লিখতে পারছে।
রবিবার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে যুক্তরাষ্ট্র ভিত্তিক বেসরকারী উন্নয়ন সংস্থা লাভ শেয়ার বিডি আয়োজিত সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট শাসনের সময়ে প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল। ২০ হাজার মানুষকে হত্যা এবং ১ হাজার ৭০০ মানুষকে গুম করা হয়েছিল। ২০২৪ সালের জুলাই আন্দোলনে ছাত্র, নারী ও শিশুসহ বহু মানুষ নিহত হয়েছেন। গত ১৭ বছরে লাখ লাখ মামলা, হাজার হাজার গুম ও হত্যার ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, এখন সেই পরিস্থিতি নেই। দেশের মানুষ মুক্তভাবে কথা বলতে পারছে। আওয়ামী লীগের আমলে যেখানে মানুষ ঠিকভাবে লিখতে পারত না, এখন গণমাধ্যমে সত্য-মিথ্যা সবকিছুই লেখা যাচ্ছে।
সরকারের বিভিন্ন প্রতিশ্রুতির বিষয়ে মির্জা ফখরুল বলেন, তারেক রহমান নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, সেগুলো একটি একটি করে বাস্তবায়ন করা হচ্ছে। জনগণের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, আমাদের একটি বিরোধী দল আছে। দুর্ভাগ্যক্রমে তারা আগের কার্যক্রম শুরু করেছে। তারা আবার হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে।
তিনি বলেন, আমরা মেজরিটি আসন পেয়েছি। আমাদের দেশ চালাতে দেন। আমরা যদি ব্যর্থ হই, তাহলে পরে কথা বলবেন।
দেশের গ্যাস সংকট প্রসঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বলেন, অতি অল্প সময়ের মধ্যেই গ্যাস সংকটের সমাধান হবে। একই সঙ্গে দ্রব্যমূল্য কিছুটা বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, জাহাজের পরিবহন খরচ বেড়ে যাওয়ার কারণে পণ্যের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।
অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত মানুষের সহায়তার গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, শুধু নিজের স্বাবলম্বী হওয়া নয়, অন্যকেও স্বাবলম্বী করে তুলতে হবে। সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
যুক্তরাষ্ট্র ভিত্তিক চ্যারিটি সংস্থা লাভ শেয়ার বিডির নিজস্ব অর্থায়ন বাস্তবায়িত সুবিধা বঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্প এর শুভ উদ্বোধন এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী করার লক্ষ্যে রংপুর অঞ্চলের ২৫ জন সুবিধা বঞ্চিত ব্যক্তিদের মাঝে ২৫ টি চাঘরের দলিলপত্র হস্থান্তর করেন।
লাভ শেয়ার বিডির পরিচালক জাহিদ খানের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্রদুত মুশফিকুল ফজল আনসারী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, সংরক্ষিত মহিলা আসনের সংসদসদস্য রেজেকা সুলতানা ফেন্সী, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন প্রমুখ।