গঙ্গাচড়ায়  বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী পেল হুইলচেয়ার

2026-08-14 02:01:10
news-picture

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় বিশেষ চাহিদাসম্পন্ন তিন শিক্ষার্থীর মাঝে অ্যাসিসটিভ ডিভাইস হিসেবে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আর্থিক সহায়তায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়।

উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনজন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীকে তাদের প্রয়োজন অনুযায়ী এসব হুইলচেয়ার দেওয়া হয়। শিক্ষা কার্যক্রমে তাদের অংশগ্রহণ সহজ করা এবং বিদ্যালয়ে যাতায়াতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা কমাতেই এ সহায়তা দেওয়া হয়েছে।

হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শায়লা জেসমিন সাঈদ, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাগণ রুহুল আমিন, মোজাহারুল ইসলাম, নাসরিন বেগম, আব্দুর রাজ্জাক, নাসির হোসেন ও জয়নব সুলতানাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ আরও সহজ ও স্বাভাবিক করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আর্থিক সহায়তায় এসব অ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়েছে। এর আগে কয়েকজন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর চোখের চিকিৎসারও ব্যবস্থা করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শায়লা জেসমিন সাঈদ বলেন, “বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে অ্যাসিসটিভ ডিভাইস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়ার এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বলেন, “বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের বোঝা নয়। তাদের শিক্ষা ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। এ ধরনের সহায়তা তাদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার পথকে আরও সহজ করবে।”