গঙ্গাচড়ায় বেদপাড়ায় নতুন ওয়াটার সাপ্লাই সিস্টেম উদ্বোধন, ৪০ পরিবার পেল নিরাপদ পানির সংযোগ

2026-08-14 01:59:55
news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের বেদপাড়ায় নিরাপদ ও সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে নবনির্মিত ওয়াটার সাপ্লাই সিস্টেমের উদ্বোধন ও উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে নির্মিত এ প্রকল্পের মাধ্যমে এলাকার ৪০টি পরিবার সরাসরি নিরাপদ পানির সংযোগ পেয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকেলে গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের বেদপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াটার সাপ্লাই সিস্টেমটির উদ্বোধন ও হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. জেসমিন আক্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জানজাবিল বিনতে আহম্মেদ, গঙ্গাচড়া এডিপির এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিম, স্বাস্থ্য ও পুষ্টি স্পেশালিস্ট পল্লব কান্তি রায়, উপ-সহকারী প্রকৌশলী ময়নুল হোসাইন এবং কোলকোন্দ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরিফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. জেসমিন আক্তার বলেন, “নিরাপদ খাবার পানি মানুষের মৌলিক অধিকার। কোলকোন্দের বেদপাড়ার সাধারণ মানুষের সুপেয় পানির সংকট দূর করতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে ৪০টি পরিবারের স্বাস্থ্য সুরক্ষা ও জীবনযাত্রার মান উন্নত হবে।”

তিনি ওয়াটার সাপ্লাই সিস্টেমটি যথাযথভাবে ব্যবহার, পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের জন্য উপকারভোগীদের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথিরা বলেন, টেকসই উন্নয়ন ও জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ পানির সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেদপাড়ার বাসিন্দাদের কাছে নিরাপদ পানি পৌঁছে দেওয়ার এ উদ্যোগ পানিবাহিত রোগ ও স্বাস্থ্যঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং ওয়াটার সাপ্লাই সংযোগ পাওয়া পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিরাপদ পানির সংযোগ পেয়ে স্থানীয় উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।