গঙ্গাচড়ায় উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এমপি সাকিলা ফারজানার মতবিনিময়

2026-08-17 20:14:04
news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৮-এর সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা। সভাপতিত্ব করেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. জেসমিন আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলেমুল বাশার, গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মঈদুল ইসলাম , উপজেলা প্রকৌশলী জয়া স্যানাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য দেন। এ সময় তারা নিজ নিজ দপ্তরের সমস্যা, সীমাবদ্ধতা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, “গঙ্গাচড়ার মানুষের জীবনমান উন্নয়ন ও সরকারি সেবার মান বাড়াতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সরকারি কর্মকর্তাদের দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া। কোনো মানুষ যেন হয়রানি বা অবহেলার শিকার না হন, সেদিকে বিশেষ নজর দিতে হবে।”

তিনি আরও বলেন, “গঙ্গাচড়ার উন্নয়নে যে সম্ভাবনাগুলো রয়েছে, সেগুলো কাজে লাগাতে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।”

সভায় উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম চাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী বেলাল, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, মিজানুর রহমান লুলুসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা উপজেলা মাল্টিপারপাস হলরুমে উপজেলা বিএনপি, সিটি করপোরেশনের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

পরে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।