গোবিন্দগঞ্জে চলন্ত মোটরসাইকেলে ভিডিও বানাতে গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে কনটেন্ট ক্রিয়েটর নিহত

2026-08-17 21:32:16
news-picture

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলন্ত মোটরসাইকেলে ভিডিও বানাতে গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এক কনটেন্ট ক্রিয়েটর নিহত হয়েছেন।

জানা গেছে, আজ সোমবার(১৭ আগস্ট) বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে শাওন কবির(২৭) নামে এক কনটেন্ট ক্রিয়েটর হ্যান্ডেল থেকে দু'হাত ছেড়ে দিয়ে মোটর সাইকেল চালিয়ে দৃশ্যের ভিডিও ধারণ করতে করতে গোবিন্দগঞ্জ উপজেলার রাজাবিরাট- গোবিন্দগঞ্জ পাকা সড়কের ওপর দিয়ে যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে শাখাহার ইউনিয়নের ইসলামপুর মোড়ে রাস্তার পাশের একটি গাছের সাথে সজোরে ধাক্কা লেগে তিনি ছিটকে পড়ে গিয়ে গুরতর আহত হন। পরে আশপাশের লোকজন সেখান থেকে শাওনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তিনি মারা যান। নিহত শাওন বগুড়া জেলার নবগঠিত মোকামতলা উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের দাড়িদহ (সরদারপাড়া) গ্রামের শাবলু মিয়ার ছেলে।

ওই গ্রামের বাসিন্দা ওমর ফারুক রনি বলেন, নিহত শাওন ভাই চলন্ত মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে দিয়ে ভিডিও বানাতেন। এতে তার ফেইসবুক পেজে প্রচুর ভিউ হতো। তিনি দীর্ঘদিন বিদেশে থাকার পর গত ৪/৫ মাস আগে দেশে এসে বিয়ে করেন।

এদিকে, দূর্ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর শাওন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বলেন, মরদেহটি থানায় নিয়ে আসার পর এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে এবং বিকেল ৩ টার দিকে তার পরিবারের লোকজনের কাছে মরদেহটি  হস্তান্তর করা হয়েছে।