পীরগঞ্জ (রংপুর):
বৈদেশিক কর্মসংস্থানে ঝুঁকি হ্রাস, প্রতারণা রোধ এবং যুবসমাজকে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে রংপুরের পীরগঞ্জে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক দিনব্যাপী সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি)’র আয়োজনে করিগরি প্রশিক্ষণ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তারা বলেন, না জেনে বা দালালের খপ্পরে পড়ে অবৈধ উপায়ে বিদেশে গিয়ে বহু মানুষ প্রতারণা ও মানবিক বিপর্যয়ের শিকার হচ্ছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণে সঠিক নিয়মে বিদেশ যাত্রা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। বর্তমানে তথ্যপ্রযুক্তি, মেকানিক্স, ড্রাইভিং ও কনস্ট্রাকশনসহ নানা খাতে দক্ষ কর্মীদের বিদেশে প্রচুর চাহিদা রয়েছে। দক্ষ হয়ে বিদেশে গেলে যেমন বেশি আয় করা সম্ভব, তেমনি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হয়।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি)’র অধ্যক্ষ জিয়া উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। পৌর বিএনপি’র সদস্য ,সচিব ইয়াতিমুল হাসান লিটন, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোস্তাফিজার রহমান, পীরগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ স ম রফিকুল ইসলাম। সেমিনারে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিদেশ গমনেচ্ছুক তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন। মুক্ত আলোচনা পর্বে অংশ নিয়ে অংশগ্রহণকারীরা নিরাপদ অভিবাসন সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর জেনে নেন। সঠিক উপায়ে ভিসা যাচাই ও সরকারি সহায়তা কেন্দ্রের তথ্য সংবলিত প্রচারপত্র বিতরণ করা হয়। শেষে প্রশিক্ষণে অংশ গ্রহন করা কৃর্তি শিক্ষার্থীদের ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।