বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জে খোলাহাটি হাসিনা নগর এলাকায় কুটির শিল্প ও বাণিজ্য মেলা উপলক্ষে আয়োজিত লটারির টিকিট মেলার সীমানার বাইরে বিক্রির অপরাধে জহুরুল ইসলাম নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন ওসমানপুর রোডে লটারির টিকিট বিক্রির সময় পুলিশ তাকে আটক করে। দণ্ডপ্রাপ্ত জহুরুল ইসলাম উপজেলার জামুবাড়ি সরদারপাড়া এলাকার ফুল মিয়ার ছেলে।
পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লটারির টিকিট মেলার নির্ধারিত সীমানার বাইরে বিক্রি না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে সেই নির্দেশনা অমান্য করে জহুরুল ইসলাম প্রকাশ্যে ওসমানপুর রোডে লটারির টিকিট বিক্রি করছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা প্রশাসনের নির্দেশে পুলিশ অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে। পরে তাকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত জুয়া আইনে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।রায় ঘোষণার পর পুলিশ তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠায়।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে মেলার বাইরে অবৈধভাবে লটারির টিকিট বিক্রির অভিযোগে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের দেওয়া সাজা অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।