চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে ফ্যান ছিঁড়ে এক শিক্ষার্থী আহত

2026-08-18 22:08:32
news-picture

মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী:

নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে সময়ে সিলিং ফ্যান ছিঁড়ে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে বিদ্যালয়ের নবম শ্রেণির কক্ষে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম জুনায়েদ ইত্তেসাম (১৪)। সে নবম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মিন্টু বিজিবিতে কর্মরত। তাদের বাড়ি বামুনিয়ায়। পড়াশোনার জন্য জুনায়েদ পরিবারের সঙ্গে চিলাহাটিতে ভাড়া বাসায় থাকে।

জানা যায়, ৯ম শ্রেণীতে ক্লাস নিচ্ছিলেন বিদ্যালয়ের শিক্ষিকা চন্দ্রা রানী। হঠাৎ ক্লাস চলাকালীন সময় বিকট শব্দে একটি সিলিং ফ্যান খুলে পড়ে এক শিক্ষার্থীর শরীরে।

পরে বিদ্যালয়ের শিক্ষকরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠান।

ঘটনার বিষয়ে শিক্ষিকা চন্দ্রা রানী বলেন, “আমি যথারীতি ক্লাস নিচ্ছিলাম। হঠাৎ ফ্যান থেকে বিপজ্জনক শব্দ হচ্ছিল। আমি সতর্ক করতেই ফ্যানটি খুলে পড়ে জুনায়েদের শরীরের উপর।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের প্রত্যেকটি ফ্যান অচল এবং জরাজীর্ণ ও আঁকা বাঁকা। এসব ফ্যানের কারণে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের বৈদ্যুতিক সকেট ও সুইসের বোর্ডগুলো একদম নষ্ট।

ক্লাস চলাকালে ফ্যান খুলে শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা ও পুরোনো বৈদ্যুতিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণ নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম বলেন,বিদ্যালয়ে ১৪টি কক্ষ রয়েছে। এসব কক্ষের জন্য প্রায় ৪০টি ফ্যান প্রয়োজন। পুরোনো ফ্যানগুলো রিপিয়ারিং করে চালানো হচ্ছে। যেগুলোতে এখন সমস্যা দেখা দিয়েছে, সেগুলো দ্রুত পরিবর্তন করে দেওয়া হবে।” আমরা বৈদ্যুতিক বোর্ডগুলো ঠিক করি, কিন্তু ছাত্ররা আবার সেগুলো নষ্ট করে।