ঘুষিতে বৃদ্ধের মৃত্যু, সাপ খেলা দেখাকে কেন্দ্র করে তর্ক-বিতর্ক

2026-08-26 22:26:04
news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় সাপ খেলা দেখাকে কেন্দ্র করে দুই পক্ষের তর্ক-বিতর্কের একপর্যায়ে ঘুষির আঘাতে এমদাদুল হক (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের কাশিয়াবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মানিক মিয়ার বিরুদ্ধে হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত এমদাদুল হক কাশিয়াবাড়ি গ্রামের গহর উদ্দিনের ছেলে। অভিযুক্ত মো. মানিক মিয়া (৪৫) একই গ্রামের নুর ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কাশিয়াবাড়ি বাজারে সাপ খেলা চলছিল। সাপ খেলা দেখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতিতে গড়ায়। এ সময় মানিক মিয়া এমদাদুল হককে ধাক্কা ও ঘুষি মারেন বলে অভিযোগ রয়েছে।

ঘুষির পর এমদাদুল হক ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়ে যান। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বুধবার মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, “সাপ খেলা দেখাকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের একপর্যায়ে একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত মানিক মিয়া পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।