নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গঙ্গাচড়া উপজেলা বিএনপির উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি গঙ্গাচড়া উপজেলা বিএনপি কার্যালয় থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দেন। র্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
র্যালিতে নেতৃত্ব দেন গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার ও সাধারণ সম্পাদক আইয়ুব আলী। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রচার দলের সহ-সভাপতি মোঃ রুহুল আমিন, রংপুর জেলা বিএনপির সদস্য ও সাবেক সভাপতি ওয়াহেদুজ্জামান মাবু, জেলা বিএনপির সদস্য আখেরুজ্জামান মিলন।
এ ছাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম চাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী বেলাল, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, মিজানুর রহমান লুলুসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা র্যালিতে অংশ নেন।
র্যালিপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, বিএনপি দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ-উৎসবের দিন নয়, বরং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করার প্রত্যয়ের দিন।
উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিতে হবে। দলের তৃণমূল নেতাকর্মীদের ঐক্যই বিএনপির সবচেয়ে বড় শক্তি বলেও তিনি উল্লেখ করেন।
সাধারণ সম্পাদক আইয়ুব আলী বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি দেশের মানুষের কাছে একটি জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আগামী দিনেও জনগণের পাশে থেকে তাদের অধিকার আদায়ে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।