অবৈধভাবে জমি দখল ও হত্যা চেষ্টা, লুটপাটের প্রতিবাদে রংপুরে সংবাদ সম্মেলন

2026-09-03 22:44:05
news-picture

নিজস্ব প্রতিবেদক:

অবৈধভাবে জমি দখল ও হত্যা চেষ্টা, লুটপাটের প্রতিবাদে রংপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকালে নগরীর জুম্মাপড়াস্হ নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তানবীর আশরাফী

তিনি বলেন, রংপুর জেলার মেট্রোপলিটন কোতয়ালী থানাধীন পাবর্তীপুর মৌজার ৮০ শতক জমির মধ্যে ৩০ শতক জমি পৈত্রিক সূত্রে পান রফিক উদ্দিন। তার ওয়ারিশ স্ত্রী সখিনা খাতুন, ছেলে মঞ্জু মিয়া, শফিকুল ইসলাম, মেয়ে রঞ্জিনা খাতুন, রোজিনা খাতুন, জিউলী বেগম, শিউলী বেগম, রওশন আরা, রোকসানা বেগম, ইসমত আরা বেগমের কাছ থেকে আমার বাবা হারুন রশিদ জমিটি কিনে নেন। এরপর থেকে ওই জমিটি আমরা ভোগদখল করে আসছি। আমার বাবা হারুন রশিদের নামে ওই জমিটি আরএস রেকর্ডভূক্ত হয়েছে।

তিনি আরো বলেন, রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানাধীন ভগিবালাপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে শাহ আলম (৪৩), শাহানুর (৪৫), শফিকুল ইসলামের ছেলে ইউসুফ ও খোকন মিয়া বিভিন্ন সময়ে মানুষের জমি জবর দখলসহ নানা ধরনের অপকর্ম করে আসছে। তারা বিগত দিনে আমাদের ক্রয়কৃত জমিটিও দখলের চেষ্টা করে। এনিয়ে আমার বাবা হারুন রশিদ একটি মামলা দায়ের করে। এতে ক্ষুব্ধ হয়ে গত ২৬ আগস্ট দুপুর ২টায় শাহ আলম, শাহানুর, ইউসুফ, খোকন মিয়াসহ ১০ থেকে ১২ জন সন্ত্রাসী আমাদের ওই ৩০ শতক জমিতে প্রবেশ করে জমি দখলসহ নির্মাণ কাজে বাঁধা দেয়। এতে আমি প্রতিবাদ জানালে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে কিল, ঘুষি, চর-থাপ্পরসহ শরীরের বিভিন্ন অংশ জখম করে। এর প্রতিবাদ করলে শাহ আলম আমাকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। আমি সেই সময় ধস্তাধস্তি করে কোন রকমে নিজের জীবন রক্ষা করে পালিয়ে পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নেই। এ সময় ভূমিদস্যুরা আমার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। সেই সাথে অফিস রুমের তালা ভেঙ্গে নির্মাণ সামগ্রী ৫ টন রড, ৩৫ বস্তা সিমেন্ট, একটি প্যাকেটকৃত এসি, টিউবওয়েল, অফিসের আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রাদি নিয়ে চলে যায়। এ ঘটনায় রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় এজাহার দায়ের করি। এরপর থেকে শাহ আলম গং আমাকে নিয়মিত প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে। আমিসহ আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি ও পরিবার এ থেকে পরিত্রাণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।