নিজস্ব প্রতিবেদক:
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে রংপুরের গঙ্গাচড়ায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বিকেলে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটি, গঙ্গাচড়া উপজেলা শাখার উদ্যোগে গঙ্গাচড়া কেন্দ্রীয় দুর্গা ও কালী মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়।
র্যালিটি গঙ্গাচড়া বাজার, থানা মোড়সহ সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গঙ্গাচড়া কেন্দ্রীয় দুর্গা ও কালী মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শিশু-কিশোরদের অনেকেই শ্রীকৃষ্ণ ও রাধার সাজে সজ্জিত হয়ে র্যালিতে অংশ নেয়। এতে পুরো আয়োজন আরও বর্ণিল ও উৎসবমুখর হয়ে ওঠে।
আলোচনা সভা ও র্যালিতে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম, গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর, গঙ্গাচড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান নায়েব, গঙ্গাচড়া ইউনিয়ন জামায়াতের আমির মনিছুর রহমান এবং গঙ্গাচড়া কেন্দ্রীয় দুর্গা ও কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও সাংবাদিক কমলকান্ত রায়সহ সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, গঙ্গাচড়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নির্মল রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক প্রভাষক শ্যামল চন্দ্র রায়। স্বাগত বক্তব্য দেন কমিটির সদস্য সচিব গজেন চন্দ্র রায়।
আলোচনা সভায় বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা অনুসরণের আহ্বান জানান। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।