গঙ্গাচড়ায় ১৩৬ কৃতী শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

2026-09-13 10:11:50
news-picture

নিজস্ব প্রতিবেদক:

এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী রংপুরের গঙ্গাচড়া উপজেলার ১৩৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুক্রবার বিকেলে উপজেলা মাল্টিপারপাস হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, প্রকাশনা ও বিভিন্ন উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে গঙ্গাচড়া পশ্চিম থানা শাখার সভাপতি মোকাররাবিন সঞ্চালনা করেন। সভাপতিত্ব করেন পূর্ব থানা শাখার সভাপতি নাজমুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী। প্রধান বক্তা ছিলেন রংপুর মহানগর শিবিরের সভাপতি আনিসুর রহমান।

প্রধান বক্তার বক্তব্যে আনিসুর রহমান বলেন, ইসলামী ছাত্রশিবিরের কার্যক্রম শুধু রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের নিয়ে পরিকল্পনা করা এবং তাদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নও সংগঠনের কার্যক্রমের অংশ। কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া সেই ধারাবাহিকতারই একটি উদ্যোগ।

তিনি বলেন, পরীক্ষায় ভালো ফলাফল অর্জন গুরুত্বপূর্ণ হলেও এটিই একজন শিক্ষার্থীর সাফল্যের একমাত্র মাপকাঠি নয়। একজন শিক্ষার্থীকে নৈতিকতা, মূল্যবোধ ও দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। এজন্য পড়াশোনার পাশাপাশি চরিত্র গঠনের দিকেও মনোযোগ দেওয়া প্রয়োজন।

প্রধান অতিথি সংসদ সদস্য রায়হান সিরাজী বলেন, ‘তোমরা জাতির ভবিষ্যৎ, আগামী দিনের কান্ডারি। তোমাদের হাতেই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। তাই শুধু জিপিএ-৫ পাওয়াকে সাফল্যের শেষ ধাপ মনে করলে হবে না। জীবনের প্রতিটি ক্ষেত্রে যোগ্যতা অর্জনের পাশাপাশি নীতি ও নৈতিকতার সঙ্গে চলতে হবে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষাজীবনে ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। ভবিষ্যতে তোমরাই বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে। তাই এখন থেকেই জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধ দিয়ে নিজেদের গড়ে তুলতে হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশে রায়হান সিরাজী বলেন, ‘আগামীতে তোমাদের মধ্যে যারা ইন্টারমিডিয়েট অথবা আলিম পরীক্ষায় জিপিএ-৫ পাবে, তাদের মধ্যে যতজনকে অনুমতি সাপেক্ষে সংসদ অধিবেশনে নেওয়া সম্ভব, তাদের নেওয়ার চেষ্টা করব, ইনশা আল্লাহ।’

সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, ‘জিপিএ-৫ পাওয়ার পর এমন একটি আয়োজন আমাদের আরও উৎসাহিত করবে। সামনে আরও ভালো করার জন্য এই সংবর্ধনা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’

আরেক শিক্ষার্থী মুবিন বলেন, ‘ভালো ফলাফলের স্বীকৃতি হিসেবে এ ধরনের আয়োজন আমাদের জন্য আনন্দের। সংবর্ধনা পেয়ে পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার অনুপ্রেরণা পেয়েছি।’

অভিভাবক ইসরাত জাহান বলেন, ‘শিবিরকে এত সুন্দর আয়োজন করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও রংপুর জেলা শিবিরের সাবেক সভাপতি মাওলানা নায়েবুজ্জামান, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি রেজাওয়ানুল হক, রংপুর জেলা শিবিরের সেক্রেটারি হানিফুর রহমান স্বাধীন ও ডা. মেহেদী হাসান।

এ সময় উপজেলা জামায়াতের নায়েবে আমির তাজ উদ্দিন, উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক সাজু আহমেদ লালসহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।