রংপুর প্রতিনিধি:
রংপুর মহানগরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ–২০২৬-এর ফাইনাল খেলা। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইনস গ্রাউন্ডে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ কাবাডি চ্যাম্পিয়নশিপের মাধ্যমে জাতীয় খেলা কাবাডিকে তৃণমূল পর্যায়ে আরও জনপ্রিয় করা এবং যুবসমাজকে মাদক ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করাও ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ আব্দুল মাবুদ, বিপিএম-সেবা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মু. মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা।
এসময় রংপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ক্রীড়াপ্রেমী ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন। ফাইনালে মাহিগঞ্জ থানা কোতয়ালী থানাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এবং নারী সবুজ দল নারী লাল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার মঞ্চে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র জনাব এ্যাডঃ মাহফুজ উন নবী ডন বলেন কাবাডি বাংলাদেশের ঐতিহ্য, শৈশব ও মাটির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একটি খেলা। স্বল্প সময়ের মধ্যে রংপুর মহানগর পুলিশের ছয়টি থানাকে নিয়ে সুন্দর ও সুশৃঙ্খলভাবে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ আয়োজন করায় তিনি পুলিশ কমিশনারসহ আয়োজকদের প্রশংসা করেন। তিনি বলেন, টুর্নামেন্টে তরুণ খেলোয়াড়দের ক্রীড়াশৈলী দেখে তিনি আশাবাদী। রংপুরের চ্যাম্পিয়ন দল জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে রংপুরের গৌরব উজ্জ্বল করবে বলে তিনি প্রত্যাশা করেন। তিনি আরও বলেন, মাদকের পরিবর্তে তরুণ সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। সুস্থ মন ও সুস্থ শরীর গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই কাবাডির পাশাপাশি ফুটবল, হাডুডু, ব্যাডমিন্টন ও ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলায় তরুণদের আরও বেশি সম্পৃক্ত করার মাধ্যমে মাদকমুক্ত ও সুস্থ রংপুর নগরী গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
আয়োজনের সভাপতির বক্তব্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা বলেন, কমিউনিটি কাবাডি টুর্নামেন্টের মূল লক্ষ্য হলো শিকড়ের সঙ্গে যুবসমাজকে সম্পৃক্ত করা এবং খেলাধুলার মাধ্যমে তাদের সুস্থ, সুন্দর ও সুশৃঙ্খল জীবন গঠনে উৎসাহিত করা। কমিউনিটি ও পুলিশের পারস্পরিক অংশীদারিত্বের মাধ্যমে একটি সুস্থ সমাজ বিনির্মাণই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
তিনি বলেন, রংপুর মহানগরীর ছয়টি থানার মধ্যে চারটি পুরুষ ও দুটি নারী দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। খেলোয়াড়দের ক্রীড়াশৈলী আয়োজকদের আনন্দিত ও অনুপ্রাণিত করেছে। তিনি আশা প্রকাশ করেন, এ খেলোয়াড়রা ভবিষ্যতে রংপুরকে জাতীয় পর্যায়ে উচ্চতর অবস্থানে নিয়ে যাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের কাবাডির অবস্থান সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে। টুর্নামেন্ট সফল করতে পুলিশ, প্রশাসন, ব্যবসায়ী প্রতিষ্ঠান, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জাতি গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।