কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন পৃথক অভিযান চালিয়ে ২ জন মাদক কারবারিকে ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা হলেন ভূরুঙ্গামারী উপজেলার আরজি পাইপডাঙ্গা গ্রামের মোফাজ্জল হোসেনের পুত্র হাফিজুর রহমান (২২) ও বঙ্গ সোনাহাট এলাকার উত্তর ভরতের ছড়া গ্রামের শামছুলের পুত্র শাকিল (২৪)। এছাড়া অভিযানে ভারতীয় প্যান্ট পিস, ঔষধ সহ বিভিন্ন চোরাচালানী মালামাল উদ্ধার করে। এসব অবৈধ মালামালের মূল্য তিন লাখ ৫৩ হাজার ৭০০ টাকা।
কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি
ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাতে পৃথক অভিযান চালিয়ে সাড়ে তিন লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়। আর ভূরুঙ্গামারী উপজেলার বাবুরহাট সীমান্ত এলাকা থেকে দুজন মাদক কারবারিকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে বিজিবি'র টহলরত জোয়ানরা। মঙ্গলবার ভূরুঙ্গামারী থানায় মাদক মামলা রুজু করা হয়েছে। ঐ মামলায় আসামীদের মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
তিনি আরো বলেন, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত অপরাধ দমন, মাদক পাচার রোধ এবং চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কুড়িগ্রাম ব্যাটালিয়ন সর্বদা আপসহীন ও দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাকারবারিদের যেকোনো দেশবিরোধী অপতৎপরতা নস্যাৎ এবং জনসাধারণের মনে স্বস্তি ও নিরাপত্তা বজায় রাখতে বিজিবির এই কঠোর নজরদারি ও আভিযানিক তৎপরতা অব্যাহত থাকবে।