গঙ্গাচড়ায় ২য় উপজেলা কাব ক্যাম্পুরীর সমাপনী অনুষ্ঠিত

2026-10-08 16:58:55
news-picture

নিজস্ব প্রতিবেদক:

“স্কাউটিং শেখায়—শৃঙ্খলা, দেশপ্রেম, মানবতা”—এই প্রতিপাদ্যে রংপুরের গঙ্গাচড়ায় ২য় উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৬-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ স্কাউটস, গঙ্গাচড়া উপজেলার আয়োজনে ৪ থেকে ৮ অক্টোবর পাঁচ দিনব্যাপী এ কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মাঠে বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের

সভাপতি মোছা. জেসমিন আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোছা. জেসমিন আক্তার বলেন, স্কাউটিং শিশুদের শুধু শৃঙ্খলাবোধ শেখায় না, তাদের দেশপ্রেমিক, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে নেতৃত্ব, সহযোগিতা, সততা ও মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরি করতে হবে। স্কাউটিংয়ের শিক্ষা ও মূল্যবোধ ভবিষ্যতে তাদের ব্যক্তিজীবন ও দেশ গঠনে কাজে লাগবে। তিনি কাব স্কাউটদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বাস্তব জীবনে কাজে লাগানোর আহ্বান জানান এবং এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. হামিদুল ইসলাম, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস ছবুর, উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ সরকার, সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী, উপজেলা জামায়াতের মিডিয়া সেল প্রধান আশরাফুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শায়লা জেসমিন সাঈদের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটসের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটসের কমিশনার শফিকুল ইসলাম চাঁন।

এ সময় আরও বক্তব্য রাখেন গঙ্গাচড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা ও গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি সাজু আহমেদ লাল।

পাঁচ দিনব্যাপী এ কাব ক্যাম্পুরীতে উপজেলার ২৮টি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট, ইউনিট লিডার, ক্যাম্প কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকসহ মোট ২৭৫ জন অংশগ্রহণ করেন। ক্যাম্পে শিশুদের মধ্যে শৃঙ্খলা, দেশপ্রেম, মানবিকতা, নেতৃত্বের গুণাবলি ও দায়িত্ববোধ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

আয়োজকরা জানান, স্কাউটিংয়ের মাধ্যমে শিশুদের সুশৃঙ্খল, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ৪ অক্টোবর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুরু হওয়া ২য় উপজেলা কাব ক্যাম্পুরী ৮ অক্টোবর শেষ হয়।