লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের হামলায় তিন মাসের গর্ভের সন্তান নষ্ট হওয়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দেওয়া মেডিকেল সার্টিফিকেট পরিবর্তন করার ঘটনার প্রতিবাদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গর্ভবতী নারী তানিজা বেগম ও এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় প্রায় দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে ভুক্তভোগী পরিবারসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।
মানববন্ধনে তার স্বজনরা অভিযোগ করে জানান, গত ২০ জুলাই প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। হামলায় তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। পরিবর্তিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল সার্টিফিকেট দেয়ার কারণে ভুক্তভোগী পরিবার আইনি বিচার পাওয়া থেকে বঞ্চিত হয়। তাই সেই বিতর্কিত সার্টিফিকেট বাতিল করে সঠিক রিপোর্ট দেওয়ার দাবি জানান। একইসাথে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী চিকিৎসক ও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন তারা।
ভুক্তভোগী পরিবার এর আগে সঠিত এমসি রিপোর্টের দাবিতে সিভিল সার্জন কাছে লিখিত আবেদন করেন।
ভুক্তভুগি তানিজা বেগম বলেন, আমি আমার সন্তান হত্যার বিচার এবং মেডিকেলে রিপোর্ট যারা পরিবর্তন করেছে তাদেরও উপযুক্ত শাস্তি দাবি করছি।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: আলী রাজিব মোহাম্মদ নাসের বলেন,ভুক্তভোগী পরিবার ইতোমধ্যে জেলা সিভিল সার্জন বরাবর একটি লিখিত আবেদন করেছে। অভিযোগের বিষয়ে আমাদের অবগত করা হয়েছে। আমরা কাগজপত্র বাছাই করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।
এ বিষয়ে লালমনিরহাট জেলার সিভিল সার্জন ডাক্তার আব্দুল হাকিম বলেন,ভুক্তভোগীর চিকিৎসার কাগজপত্রে প্রেগনেন্সির তথ্য আছে, ঘটনার বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।