মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী:
নীলফামারীর ডোমার উপজেলার ১০নং হরিণচড়া ইউনিয়নের কামারপাড়া এলাকায় চাঞ্চল্যেকর দেলোয়ার হত্যা মামলার প্রধান তিন আসামীকে সিলেট জেলা র্যাব-৯ এর সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করে সিলেটের জালালাবাদ থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের সিলেট থেকে গত ১৫ অক্টোবর রাতে ডোমার থানায় নিয়ে আসে।
চাঞ্চল্যকর হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলার ১০নং হরিণচড়া ইউনিয়নের হংসরাজ কামারপাড়া এলাকার মৃত চাঁদ মিয়ার ছেলে আবুল হোসেন (৪০), তার স্ত্রী আমেনা বেগম (৩৫),এবং ছেলে হৃদয় ইসলাম (১৯)।
ডোমার থানার এসআই আঙ্গুর মিয়া জানান, তার নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স সিলেট জেলার র্যাব-৯ এর সহযোগিতা নিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে ১৩ অক্টোবর রাত ১১টায় সিলেট মহানগর জালালাবাদ থানার অন্তর্গত এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে ১৫ অক্টোবর রাতে ডোমার থানায় নিয়ে আসে।
এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের পরদিন জেলার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য যে, উপজেলার ১০নং হরিণচড়া ইউনিয়নের হংসরাজ কামার পাড়া এলাকার মৃত চাঁদ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন এবং আবুল হোসেন তারা উভয়ই সহোদর ভাই। দীর্ঘদিন যাবত তাদের দুই ভাইয়ের মধ্যে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ঘটনার দিন ৫ জুন সকালে জমির আইল কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়। এরই এক পর্যায়ে আবুল হোসেন ও তার স্ত্রী সন্তান নিয়ে দেলোয়ার হোসেনের মাথায় কোদাল দিয়ে আঘাত করলে দেলোয়ার তাৎক্ষণিকভাবে মাটিতে পড়ে যায়। পরে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ৯ দিন পর ১৪ জুন দেলোয়ার হোসেন মৃত্যু বরণ করেন।
এ ঘটনায় দোলোয়ারের স্ত্রী বিলকিছ বানু বাদী হয়ে আবুল হোসেন, আমেনা বেগম এবং তার ছেলে হৃদয় হোসেনের নাম উল্লেখ পূর্বক ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।