নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়া সদর ইউনিয়নে ব্যক্তিগত উদ্যোগে জরুরি অ্যাম্বুলেন্স সেবা চালু করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু। শনিবার সকালে ফিতা কেটে এ সেবার উদ্বোধন করেন গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার।
ইউনিয়নবাসীর জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার সুবিধা তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নিজের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবেও অ্যাম্বুলেন্স সেবা চালু করেছেন চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু।
চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু বলেন, ইউনিয়নের মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে ব্যক্তিগত উদ্যোগে এ সেবা চালু করা হয়েছে। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এসব উদ্যোগের মাধ্যমে গঙ্গাচড়া সদর ইউনিয়নকে দেশের মধ্যে একটি রোল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান তিনি। এ লক্ষ্য বাস্তবায়নে ইউনিয়নবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন চেয়ারম্যান।
উদ্বোধনী অনুষ্ঠানে নোহালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম প্রামানিক, গঙ্গাচড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন আহম্মেদসহ গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।