মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী:
নীলফামারীর ডোমারে আগাম শীতের আবির্ভাব হয়েছে। কার্তিকের শুরুর দিকে প্রকৃতিতে দেখা মিলেছে শীতের আগমনী বার্তা। রাত হলেই কুয়াশায় ঢেকে যাচ্ছে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা। নীলফামারীর ডোমার, ডিমলা, সৈয়দপুরসহ জেলার বিভিন্ন স্থানে রাত থেকে কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে ভোররাতে অনুভূত হচ্ছে হালকা শীত।
রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে কুয়াশার ঘনত্ব। সারাদিনে রোদের প্রচন্ড তাপমাত্রা, আর সন্ধ্যা হলেই শুরু হচ্ছে কুয়াশার সাথে হিমেল হাওয়া। ভোরের দিকে ঘাস, গাছের পাতা ও টিনের চালে জমছে শিশিরবিন্দু। কোথাও কোথাও বৃষ্টির ফোঁটার মতো টুপটাপ করে পড়ছে শিশির। সকালে সূর্য উঠলেও কুয়াশার কারণে কিছু সময় সূর্যের দেখা মিলছে না। ফলে সকাল বেলায় শীতের আমেজ অনুভব করছেন স্থানীয় বাসিন্দারা। দিনে প্রচন্ড গরম এবং রাত হলেই তাপমাত্রা ক্রমাগত কমে যাচ্ছে এতে বৃদ্ধ বনিতার পাশাপাশি শিশু কিশোরীরাও নানা ধরনের জ্বর সর্দি কাশির মতো রোগে আক্রান্ত হচ্ছে।
ঋতু পরিবর্তনের প্রভাবে উত্তরাঞ্চলের প্রকৃতিতে ধীরে ধীরে শীতের ছোঁয়া লাগতে শুরু করেছে। রাতের কুয়াশা আর ভোরের হিমেল আবহাওয়া জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। তবে এখনো পুরোপুরি ভাবে জেঁকে বসেনি শীত। আবহাওয়ার এই পরিবর্তন শীতের সম্ভাব্য আগমনের ইঙ্গিত দিলেও তাপমাত্রা আরও কমবে কি না, তা নির্ভর করছে পরবর্তী দিনের আবহাওয়ার ওপর।
এবিষয়ে সৈয়দপুর আবহাওয়া অফিসের এক কর্মকর্তা আইয়ুব আলী জানান, আবহাওয়ায় শীতের আমেজ অনুভূত হচ্ছে। তবে অক্টোবরেই পুরোদমে শীত নামবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
সব মিলিয়ে, কার্তিকের শুরুর দিকে উত্তরাঞ্চলের আকাশে কুয়াশার উপস্থিতি আর ভোরের হালকা ঠান্ডা জানান দেওয়ার পাশাপাশি আগাম দরজার কড়া নাড়ছে শীত।