হিলি প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা সাতদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ভারত থেকে পণ্যবোঝাই ট্রাক বন্দরে প্রবেশের মাধ্যমে এ বাণিজ্য কার্যক্রম শুরু হয়। দীর্ঘ ছুটি শেষে কাজ চালু হওয়ায় বন্দরে কর্মরত ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে নতুন করে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
হিলি কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত পেরিয়ে আসা আমদানিকৃত পণ্য দ্রুত খালাস ও প্রক্রিয়া সম্পন্ন করতে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।
এদিকে বন্দরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক অসিত কুমার স্যানাল জানান, শনিবার সকাল থেকেই শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। এ ছাড়া আমদানিকৃত পণ্য নিয়ে দেশের বিভিন্ন স্থানে পৌঁছানোর উদ্দেশ্যে দূর-দূরান্ত থেকে আসা ট্রাকগুলো বন্দরের নির্ধারিত পয়েন্টে অবস্থান নিতে শুরু করেছে। বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক হওয়ায় পুরো বন্দর এলাকায় ফের ব্যস্ততা ফিরে এসেছে।