গঙ্গাচড়ায় গণপিটুনিতে দুই নিহতের ঘটনায় হত্যা মামলা, আসামি ৪০০-৫০০ অজ্ঞাতনামা

2026-10-26 21:20:54
news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। মামলায় ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। ময়নাতদন্ত শেষে রোববার (২৫ অক্টোবর) নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

রোববার গঙ্গাচড়া মডেল থানায় মামলাটি করেন বড়বিল ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. লেবু মিয়া (৪২)। মামলার নম্বর ৩১, তারিখ ২৫ অক্টোবর ২০২৬। মামলাটি জিআর নম্বর ৩১২ হিসেবে নথিভুক্ত হয়েছে। এতে দণ্ডবিধি, ১৮৬০-এর ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এর আগে রোববার ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুর খুড়ির দোলা ক্যানেল এলাকায় গণপিটুনিতে আজারুল মিয়া ও সাদিকুল ইসলাম নামে দুই ব্যক্তি নিহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাগপুর বাগেরহাট গ্রামের সোহেল মিয়ার বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে পালানোর সময় স্থানীয় লোকজন তাঁদের ধাওয়া করেন। পরে উত্তর পানাপুকুর এলাকার পুকুর খুড়ির দোলা ক্যানেল এলাকায় তাঁদের আটক করে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

নিহত আজারুল মিয়ার বাড়ি উপজেলার নোহালী ইউনিয়নের পশ্চিম বাগডহরা গ্রামে। তাঁর বাবার নাম এন্তাজ আলী। অপর নিহত সাদিকুল ইসলামের বাড়ি কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ গ্রামে। তাঁর বাবার নাম মো. আইয়ুব আলী।

গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবু হানিফ সরকার বলেন, “এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। মামলাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”