সুন্দরগঞ্জে আগুনে পুড়লো ৩০ লাখ টাকার সম্পদ

2026-10-31 23:54:03
news-picture

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা):

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের হাসানগঞ্জ বাজারে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে তিনজন মালিকের পাঁচটি দোকান ঘর আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার সম্পদ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে । তবে উপজেলা ফায়ার সার্ভিসের হিসাবে ১০ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত  শুক্রবার দিবাগত রাত ২টার সময়। স্থানীয়দের এবং ফায়ার সার্ভিস ডিফেন্সের তথ্য মতে বাজারের মুদি দোকানদার মিজানুর রহমানের দোকান হতে বিদ্যুতের শট সার্কিট হতে আগুনের সূত্রপাত হয়ে তাৎক্ষণিকভাবে তা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই মিজানুর রহমান, হাফিজুর রহমান ও এরশাদ আলীর গোডাউন সহ পাঁচটি দোকান ঘর পুড়ে যায়। খবর পেয়ে সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস ও পীরগাছা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। সার্ভিসের তথ্য মতে প্রায় ১০ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে। দোকানদার এবং স্থানীয়দের দাবি প্রায় ৩০ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে। সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বরত ইন চার্জ মো: আসাদুজ্জামান বলেন খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। ঘটনা স্থলের আশপাশ পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় একটু বেশি লাগে।এরপর পীরগাছা ফায়ার সার্ভিস ডিফেন্স খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে। দুইটি ইউনিট ঘন্টা ব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। তিনি বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে পুড়ে যাওয়া দোকানের মালিক মিজানুর রহমান বলেন, মুদি দোকানটি ছিল তার একমাত্র সম্বল। সেটি পুড়ে ছাই হয়ে গেছে। এখন তিনি পথে বসেছেন। কিভাবে সংসার পরিচালনা করবেন তার কোন দিশা পাচ্ছেন না তিনি। বামনডাঙ্গা  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবদুল জব্বার বলেন অনেক টাকার মাল ছিল দোকান গুলোতে। আগুনে পুড়ে যাওয়ায় ব্যবসায়ীরা এখন নিঃস্ব। এ ব্যাপারে তিনি প্রশাসনের সুদৃষ্টি ও সহায়তা কামনা করেছেন।