বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মাদকবিরোধী আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

2026-11-01 18:45:28
news-picture

নিজস্ব প্রতিবেদক:

দেড়ানী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে একদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মাদকবিরোধী আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের দেড়ানী স্পোর্টিং ক্লাবের আয়োজনে একদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মাদকবিরোধী আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ শনিবার (৩১ অক্টোবর) বিকেলে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এর আগে দিনে শুরুতে প্রতিযোগীতার কার্যক্রম শুরু হয়। আয়োজনে বিভিন্ন ইভেন্টে স্থানীয় তরুণ ও শিশু-কিশোররা অংশগ্রহণ করে। খেলা শেষে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে আলোচনা সভায় দেড়ানী স্পোর্টিং ক্লাবের সভাপতি সেকেন্দার আলী আদনানের সভাপতিত্বে ও সহ-সভাপতি তারিকুল ইসলাম সবুজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ-প্রকৌশলী (এলজিইডি) রাকিবুল ইসলাম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক সাদেকুল ইসলাম, রংপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. শিমুল ইসলাম, ২ নং কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাচ্চু চৌধুরী, মেম্বার পদপ্রার্থী একরামুল হক কাচু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সারাদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন নুরুল ইসলাম নূর মাস্টার।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার তথা সমাজকে ধ্বংস করে দেয়। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরে অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।