নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়ায় চুরি হওয়া একটি অটোরিকশা নীলফামারী থেকে উদ্ধার করেছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ। এ ঘটনায় বিউটি বেগম (৪০) নামে এক নারীকে আটক করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাত আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী সদর উপজেলার বামনডাঙ্গা পাঁচমাথা এলাকার একটি পুরাতন অটো ক্রয়-বিক্রয়ের দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকান থেকে গঙ্গাচড়ার বাসিন্দা মামলার বাদী শামীম মিয়ার চুরি যাওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গঙ্গাচড়া মডেল থানার মামলা নম্বর ০৬, তারিখ ৮ নভেম্বর ২০২৬, জিআর নম্বর ৩২২/২৬-এর তদন্তকালে গোপন সংবাদের মাধ্যমে চুরি যাওয়া অটোর অবস্থান শনাক্ত করা হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা সঙ্গীয় ফোর্স নিয়ে নীলফামারী সদর থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেন। এ সময় ঘটনাস্থল থেকে বিউটি বেগমকে আটক করা হয়। তিনি নীলফামারী সদর উপজেলার বামনডাঙ্গা পাঁচমাথা এলাকার জাফর আলীর স্ত্রী।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি যাওয়া অটোরিকশাটি নীলফামারী থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন নারীকে আটক করা হয়েছে। চুরির সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।”
পুলিশ জানায়, উদ্ধার হওয়া অটোরিকশাটি মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে। আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।