হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দিন দিন কুকুরের কামড়ের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে সর্বত্র। উপজেলার বিভিন্ন ইউনিয়নে কুকুর ও শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ আক্রান্ত হচ্ছেন। গত সাত মাসে কুকুর ও শিয়ালের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে টিকা নিয়েছেন ৩০০ জন। এর মধ্যে পাঁচজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে কুকুরের টিকাদানসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে।
এ পরিস্থিতিতে মঙ্গলবার উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও প্রশাসনের আয়োজনে কুকুরের কামড় প্রতিরোধ এবং জরুরি করণীয় বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।
সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামরুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কে এম ইফতেখারুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ, উপজেলা জামায়াতের আমির মো. শহিদুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজাহারুল ইসলাম, মো. মনোয়ার আলম সরকার, মো. ইব্রাহিম খলিলুল্লাহ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল, সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল মান্নান আকন্দ এবং পৌরসভার প্রতিনিধি মো. রাকিবুল ইসলাম রাকিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় কুকুরের কামড়ের ঘটনা নিয়ন্ত্রণে কুকুরের শরীরে জরুরি ভিত্তিতে জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রদানের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। বক্তারা বলেন, মানুষের জীবন রক্ষায় কুকুরের টিকাদান কার্যক্রম জোরদার করা প্রয়োজন। সরকারি উদ্যোগে গণটিকাদান কার্যক্রম বন্ধ থাকায় স্থানীয় পর্যায়ে বিকল্প ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রয়োজনে উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি কুকুরের টিকা কেনার জন্য পৃথক প্রকল্প গ্রহণেরও পরামর্শ দেওয়া হয়।
সভায় এ সংকট মোকাবিলায় দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য স্থানীয় জাতীয় সংসদ সদস্যের সঙ্গে আলোচনা ও পরামর্শ করার বিষয়ে মতামত উঠে আসে। পাশাপাশি কুকুরের কামড় প্রতিরোধ, আক্রান্ত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
উল্লেখ্য, হাসপাতালের হিসাব অনুযায়ী, গত সাত মাসে কুকুর ও শিয়ালের কামড়ে আক্রান্ত ৩০০ জনকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে। এদের মধ্যে পাঁচজনের মৃত্যুর তথ্য সভায় উল্লেখ করা হয়। ক্রমবর্ধমান এ পরিস্থিতিতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে জনস্বাস্থ্য ও জননিরাপত্তার ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।