কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম পৌর টাউন হলের নিরাপত্তাপ্রহরী মনসুর আলী হত্যার ঘটনায় আসামি শাহনেওয়াজ সানির ফাঁসির দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে হত্যাকান্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার আদালতে বিচার, পৌর কর্মচারী ও নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, পৌর কর্মচারী সংসদের সভাপতি আখতারুজ্জামান রাসেল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, সহ-সভাপতি আলী রেজা হিরন, যুগ্ম সম্পাদক নুরনবী আহমেদ রানা, সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দীন রবিন প্রমুখ।
এসময় বক্তারা হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার সম্পন্ন ও দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর (শনিবার) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে পৌর টাউনহলে দায়িত্ব পালনরত অবস্থায় বিকালে ছুড়িকাঘাতে নির্মম হত্যাকান্ডের শিকার হন মনসুর আলী (৬০)। তিনি কুড়িগ্রাম পৌরসভায় দৈনিক হাজিরাভিত্তিক কর্মচারী হিসেবে কাজ করার পাশাপাশি পৌর টাউন হলের নিরাপত্তাপ্রহরীর দায়িত্ব পালন করতেন। এ ঘটনায় স্বামী মনসুর আলীকে বাঁচাতে গিয়ে স্ত্রী মল্লিকা বেগম (৫৫) ছুড়িকাঘতে গুরুতর আহত হন। তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন।