শুকিয়ে যাওয়া ধরলার চরে কর্মসংস্থানের নতুন সম্ভাবনার হাতছানি?

2026-11-10 22:00:06
news-picture
অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার!

আব্দুল আজিজ মজনু, ফুলবাড়ী;  

কুড়িগ্রারে ফুলবাড়ী উপজেলার বুক দিয়ে বয়ে যাওয়া ধরলার রুপ এখন একেবারেই বদলে গেছে। নদীটির চিরচেনা যৌবনা শক্তি হারিয়ে হয়েছে শুধু বালু চর আর চর। তবে নদীটি স্থানীয়দের ২০/২২ বছর পূর্বে ব্যাপক ক্ষতি সাধন করলেও পলি ও বালুচরগুলোই এখন হয়ে উঠতে পারে এ উপজেলার অর্থনৈতিক মোচড় ঘোরানোর বড় হাতিয়ার। এরইমধ্যে জেগে ওঠা চরগুলোতে বিভিন্ন খনিজ পদার্থের উপস্থিতি লক্ষ করা গেছে, যা সঠিক পরিকল্পনা ও সরকারি পৃষ্ঠপোষকতায় এলাকার চেহারা পাল্টে দিতে পারে।

সরেজমিনে দেখাগেছে, ধরলার বিস্তৃর্ণ চরগুলোতে পরিকল্পিতভাবে উদ্যোগ নিলে শতশত মানুষের কর্মসংস্থানের সৃষ্ঠি হবে। বিশেষ করে চরের উর্বর পলিমাটিতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন শীতকালীন সবজী, বাদাম, মিষ্টি আলু, তরমুজ, ভুট্টাসহ বড়াই জাতীয় ফলের চাষ করা। বিশাল চারণভূমিকে কাজে লাগিয়ে আধুনিক গবাদি পশু পালন, ভেড়া ও ছাগলের খামার গড়ে তোলা যায়। এতে স্থানীয় যুবকদের জন্য আত্মকর্মসংস্থানের স্থায়ী সুযোগ তৈরি করা। আবার ২০৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত উত্তরের সর্ববৃহত ধরলা সেতুর দুইপাড়ে প্রাকৃতিক দৃশ্যকে কেন্দ্র করে নৌ-পর্যটন, চরের মাঝে কটেজ বা আধুনিক ইকো-পার্ক গড়ে তোলা হলে পর্যটকদের সমাগম বাড়বে। ফলে স্থানীয় হোটেল-রেস্তোঁরা ও পরিবহন খাতের ব্যবসা বাড়বে। অন্যদিকে এই বিস্তৃর্ণ চরের কাঁচামাল বা স্থানীয় নারীদের দক্ষ করে তোলার মাধ্যমে বাঁশ-বেত ও পাটজাত পণ্যের কুটির শিল্প গড়ে তোলা সম্ভব। যেখানে শতশত নারী তাদের বেঁচে থাকার তাগিয়ে দেশের অন্যান্য শহরে না গিয়ে নিজ বাড়ীতেই তাদের অর্থনৈতিক স্বচ্ছলতা ফিরে পেতে পারে। 

বালুচর গুলো হেটে দেখাগেছে, জেগে ওঠা এই চরগুলোতে বিভিন্ন মূল্যবান খনিজ পদার্থের যেমন ভারী বালু বা অন্যান্য খনিজ উপাদান উপস্থিতি রয়েছে। এ ধরনের খনিজ সম্পদ দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে। তবে অপরিকল্পিত ও অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর গতিপথ যেমনটি বিঘ্নিত হওয়ার পাশাপাশি পরিবেশ বিপর্যয়ের আশঙ্কাও রয়েছে। ফলেবিনষ্ট হচ্ছে প্রাকৃতিক বৈচিত্র্য। অপূরণীয় ক্ষতি হচ্ছে পরিবেশের। স্বচ্ছ ও সুপেয় পানির অভাবে এ এলাকার মানুষের পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় সেকেন্দার, মুকুল, বেলাল হোসেন যুগান্তরকে জানিয়েছেন, ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মাধ্যমে দ্রুত চরের মাটি ও বালু পরীক্ষা করে খনিজের প্রকৃত ধরন ও পরিমাণ নির্ধারণ করা। যত্রতত্র খনন রোধে কঠোর আইনি কাঠামো তৈরি এবং পরিবেশ রক্ষা করে খনিজ আহরণের নীতিমালা প্রণয়ন করাসহ ধরলার চরভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন এবং খনিজ সম্পদ আহরণে ব্যক্তিগত উদ্যোক্তাদের পাশাপাশি সরকারের জোরালো পৃষ্ঠপোষকতা খুবই জরুরী। সেখানে এ অঞ্চলকে ঘিরে একটি বিশেষ কৃষি-প্রক্রিজাতকরণ বা খনিজভিত্তিক ক্ষুদ্র শিল্পাঞ্চল গড়ে তোলা সম্ভব।

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম মিয়া সোহেল যুগান্তরকে জানান, ধরলার তীরবর্তি অনগ্রসর জনগোষ্ঠির জন্য বিশেষ কোঠায় বেকার যুবক ও উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ব্যাংক ঋণ এবং কৃষি প্রণোদনা নিশ্চিত করা গেলে তারা চরে আধুনিক কৃষিকাজ বা খামার স্থাপন করতে পারবেন। সাথে সাথে অবকাঠামো উন্নয়নে চরের সাথে মূল জনপদের যোগাযোগের জন্য পাকা সড়ক নেটওয়ার্ক, সৌরবিদ্যুৎ সংযোগ এবং সেচের জন্য গভীর নলকূপ স্থাপন করা। সেখানে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে চরের মানুষের ভাগ্য উন্নয়নে মেগা প্রকল্প গ্রহণ করতে অর্থনৈতিক চাকা ঘুরতেই থাকবে।

ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন যুগান্তরকে জানান, ফুলবাড়ী উপজেলার ৬টি ইউনিয়নের ৫টি ইউনিয়নের বুক দিয়ে ধরলা প্রবাহিত। এটি শুকিয়ে যাওয়া কেবল হতাশার প্রতীক নয়। বরং সঠিক সদিচ্ছা, সরকারি পৃষ্ঠপোষকতা এবং বিজ্ঞানসম্মত ব্যবহারের মাধ্যমে এটি আমাদের উপজেলার লাখো মানুষের ভাগ্য বদলের চাবিকাঠি হয়ে উঠতে পারে। সেখানে তিনি স্থানীয় প্রশাসনসহ নীতিনির্ধারকদের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।