নিজস্ব প্রতিবেদক:
মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছে এক কিশোরী। মেয়ের চিকিৎসার বিপুল ব্যয় বহন করতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছিল পরিবারটি। এমন সংকটময় মুহূর্তে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের একদল তরুণ। সম্মিলিত প্রচেষ্টায় তাঁরা সংগ্রহ করেছেন ১ লাখ ৪৬ হাজার ৪৫৫ টাকা।
মঙ্গলবার (১০ নভেম্বর) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিশোরীর পরিবারের হাতে সংগৃহীত অর্থ তুলে দেওয়া হয়। এ সময় ‘আলোকবর্তিকা স্বেচ্ছাসেবী সংগঠন’-এর সহকারী পরিচালক মোসাব্বির হোসেন মুন, ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (তুষার) এবং এলাকার প্রতিনিধি সাগর ইসলাম উপস্থিত ছিলেন।
সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন তুষার জানান, গ্রামের মুরব্বি, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় তিন ধাপে অর্থ সংগ্রহ করা হয়। এর মধ্যে শরীফ শাহিনের মাধ্যমে ৪০ হাজার ৪৯০ টাকা, বিভিন্ন বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসা থেকে ৪৮ হাজার ৮৬০ টাকা এবং সংগঠনের সদস্যদের মাধ্যমে ৫৭ হাজার ১০৫ টাকা সংগ্রহ করা হয়েছে।
এ সহায়তা পেয়ে কিশোরীর বাবা আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘এই কঠিন সময়ে যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের কথা আমরা কখনো ভুলব না। সংগঠনের সদস্যসহ যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন, সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ।’
আলোকবর্তিকা স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক কামাল আহম্মেদ বলেন, ‘আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি রোগীর চিকিৎসায় কিছুটা কাজে আসে, সেটাই আমাদের প্রাপ্তি। যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। সমাজের অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আমরা ভবিষ্যতেও বদ্ধপরিকর।’
এদিকে অর্থ সংগ্রহের কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখেন তামিম, আকাশ, হাবিবুর ইমন, সাগর, শাকিল, রেজওয়ান, মিস্টার ও নাজমুলসহ আরও অনেকে। সংগঠনের সদস্যরা জানান, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর প্রত্যয় থেকেই তাঁদের এ উদ্যোগ। কিশোরীর দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।