নিজস্ব প্রতিবেদক:
রংপুরে ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে ন্যুয়ে পরেছে রোপা আমন ধানের ক্ষেত।গতকাল মঙ্গলবার রাতে উঠতি আমন ধান এবং আগাম আলুর ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। দুই ফসলের ক্ষতির আশঙ্কায় দুশ্চিশভায় পড়েছেন স্থানীয় কৃষকরা।তারা জানান, পীরগাছায় তাম্বুলপুর ও ছাওলা ইউনিয়নের চরাঞ্চলগুলোতে শিলাবৃষ্টি বেশি হয়েছে।
উপজেলা পরিসংখ্যানের তথ্য অনুযায়ী, পীরগাছায় মোট আবাদি জমির পরিমাণ প্রায় ৫৯ হাজার ৪২০ একর। কৃষিনির্ভর এই উপজেলায় শিলাবৃষ্টির প্রভাবে ফসলের ক্ষয়ক্ষতি কৃষকদের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। তবে শিলাবৃষ্টিতে ঠিক কত হেক্টর জমির আমন ধান ও আলু ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনো নির্দিষ্টভাবে জানা যায়নি। ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে উপজেলা কৃষি বিভাগের মাঠপর্যায়ে জরিপ প্রয়োজন।
তাম্বুলপুর ইউনিয়নের প্রতিপাল বগুড়াপাড়া গ্রামের কৃষক আমজাদ হোসেন বলেন, ‘মঙ্গলবার রাতে যে বৃষ্টি হয়েছে, তাতে অনেক ক্ষতি হয়েছে। বিশেষ করে শিলাবৃষ্টির কারণে ধান ও আলুর ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে। অনেক জায়গায় ধানের ক্ষেত শিলাবৃষ্টির আঘাতসহ বাতাসে ন্যুয়ে পড়েছে।’
কৃষকদের দাবি, ক্ষতিগ্রস্তফসলের সঠিক পরিমাণ নিরূপণ করে দ্রুত প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করা হোক।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের উপপরিচালক সাইফুল ইসলাম বলেন, এখনো পুরো ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে জেলায় ২৫ হেক্টর জমির ফসলের ক্ষতির তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পীরগাছা উপজেলায়। দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত ফসলের সঠিক পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।