ডিমলায় সবজির ন্যায্যমুল্য নিয়ে অনিশ্চিয়তা,শীতের সবজিতে ভরপুর ফসলের মাঠ

2026-11-11 19:16:07
news-picture

হাবিবুল হাসান হাবিব, ডিমলা,নীলফামারী

মাঠজুড়ে সবুজের সমারোহ। কোথাও ফুলকপি, বাঁধাকপি, কোথাও টমেটো, বেগুন, শিম, লাউ ও মুলার চাষ। শীতকালীন সবজি আবাদে ব্যস্ত সময় পার করছেন নীলফামারীর ডিমলার কৃষকেরা। আগাম সবজি বাজারে তোলার প্রস্তুতিও চলছে বিভিন্ন এলাকায়। ভালো ফলনের প্রত্যাশায় বুক বাঁধছেন কৃষকেরা। তবে বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরিসহ উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত ন্যায্যমূল্য পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ফলে মাঠজুড়ে সবুজের সমারোহ থাকলেও কৃষকের মনে ভর করছে লোকসানের ভয়।  উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকেরা। কোথাও জমিতে চলছে চারা রোপণ, কোথাও সার প্রয়োগ ও সেচের কাজ। আবার আগাম জাতের সবজি বাজারজাত করার প্রস্তুতি নিচ্ছেন অনেকে। নাউতারা ইউনিয়ন, ডিমলা সদর ইউনিয়নের কুটিরডাঙ্গা, রামডাঙ্গা, বালাপাড়া ইউনিয়নের সুন্দর খাতা, গয়াবাড়ি ইউনিয়নের মতির বাজার ও দক্ষিণ গয়াবাড়ি এলাকায় সবজির আবাদ চোখে পড়ার মতো। পাশাপাশি পূর্ব ও পশ্চিম ছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাপানি এবং ঝুনাগাছ চাপানি ইউনিয়নের তিস্তা নদীবেষ্টিত চরাঞ্চলেও উর্বর পলিমাটিতে আলু, পিয়াজ,রসুন নানা ধরনের সবজি চাষ করছেন কৃষকেরা। প্রতিবছর ডিমলায় উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে সরবরাহ করা হয়। একই জমিতে বছরে একাধিক ফসল চাষের সুযোগ থাকায় শীতকালীন সবজি অনেক কৃষকের বাড়তি আয়ের অন্যতম উৎস। তবে এবার উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লাভের হিসাব মেলাতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের।

চরখড়িবাড়ি এলাকার কৃষক দুলাল হোসেন এক একর জমিতে আগাম জাতের ফুলকপির চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে জমির ফুলকপি বাজারজাত করতে পারবেন বলে আশা করছেন তিনি। পাশাপাশি ফুলকপি, বাঁধাকপি ও টমেটোর চারা উৎপাদন করেও বিক্রি করেন। দুলাল হোসেন বলেন, চাষাবাদের সব খরচই বেড়েছে। উৎপাদিত সবজি বাজারে ভালো দামে বিক্রি করতে না পারলে লাভ করা কঠিন হয়ে পড়বে। কুটিরডাঙ্গা এলাকার কৃষক হযরত আলী ফুলকপি, বাঁধাকপি ও লাউসহ বিভিন্ন ধরনের শীতকালীন সবজি চাষ করেছেন। বাজারদর নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়ে তিনি বলেন, “আগে থেকে তো কিছু বলা যায় না। আল্লাহ দিলে আর বাজার ভালো থাকলে লাভ অইতে পারে।”

কৃষক জানান বীজ, সার, কীটনাশক ও সেচের খরচ বেড়ে যাওয়ায় এবার বিনিয়োগও বেশি করতে হয়েছে। উৎপাদিত সবজি ন্যায্যমূল্যে বিক্রি করতে না পারলে উৎপাদন খরচ তোলার পাশাপাশি ঋণ পরিশোধ করাও কঠিন হবে। এতে সংসারের ব্যয় নির্বাহের পাশাপাশি পরবর্তী মৌসুমের চাষাবাদের পুঁজি জোগাড় নিয়েও দুশ্চিন্তায় পড়তে হবে তাঁকে।

এদিকে আগাম সবজি বাজারে আসতে শুরু করায় আশাবাদী কিছু কৃষক। গয়াবাড়ি ইউনিয়নের মতির বাজার এলাকার কৃষক সোবাহান হোসেন আগাম বেগুনের চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এক সপ্তাহের মধ্যে তাঁর জমির বেগুন বাজারজাত করার উপযোগী হতে পারে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে ডিমলা উপজেলায় প্রায় ২৬ হাজার ২৫৬ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের রবি ফসল আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৭৫০ হেক্টর জমিতে আলু, ৯০ হেক্টরে পেঁয়াজ, ৩২৮ হেক্টরে গম এবং ১ হাজার ৫৯ হেক্টর জমিতে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মরিচসহ বিভিন্ন ধরনের শীতকালীন সবজির আবাদ হচ্ছে। এ ছাড়া প্রায় ১ হাজার ৩৫০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হচ্ছে।

গয়াবাড়ি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা শাহজাহান আলী বলেন, কৃষকদের উন্নত পদ্ধতিতে সবজি চাষে উৎসাহিত করা হচ্ছে। জমিতে জৈব সার ব্যবহার, মাটির অম্লতা পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী ডলোচুন প্রয়োগ এবং সুষম মাত্রায় সার ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি ফসলের নিয়মিত পরিচর্যার বিষয়েও কৃষকদের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না জানান, উপজেলায় প্রায় ৬২ হাজার কৃষককে সার কার্ড দেওয়া হয়েছে। এসব কার্ডের মাধ্যমে চলতি রবি মৌসুমে বিভিন্ন ফসল আবাদের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বছর কৃষকেরা চাহিদামতো সহজেই সারসহ অন্যান্য কৃষি উপকরণ পাচ্ছেন। অনুকূল আবহাওয়া ও কৃষি উপকরণের সরবরাহ স্বাভাবিক থাকলে চলতি মৌসুমে ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সব মিলিয়ে ডিমলার মাঠে শীতকালীন সবজির আবাদ ঘিরে কৃষকদের মধ্যে কর্মচাঞ্চল্য দেখা দিলেও তাঁদের প্রত্যাশা একটাই উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য। কৃষকদের মতে, শুধু ভালো ফলন হলেই হবে না, উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে বাজারদর নিশ্চিত করতে হবে। পাশাপাশি সুষ্ঠু বিপণন ব্যবস্থা গড়ে তোলা গেলে কৃষকের শ্রম ও বিনিয়োগের যথাযথ মূল্য পাওয়া সম্ভব হবে।