কুড়িগ্রামে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি: হেলে পরেছে সাড়ে ৪ হেক্টর আমন ধান

2026-11-12 05:19:29
news-picture

কুড়িগ্রাম প্রতিনিধি :  

কুড়িগ্রামে বৃষ্টিপাতের সঙ্গে শিলাবৃষ্টির কারণে কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলার বেশ কিছু এলাকায় আমন ধানের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। সরকারি হিসাবে মাটির সাথে শুয়ে পড়েছে সাড়ে চার হেক্টর জমির আমন ধান।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে এসব এলাকার প্রায় সাড়ে ৪ হেক্টর আধা পাকা ধান মাটিতে হেলে পরেছে বলে জেলা কৃষি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছেন। এছাড়াও শিলার আঘাতে বেশ কিছু ধান জমিতেই ঝরে পরেছে বলে ভুক্তভোগী কৃষকরা জানান।

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের তালুক কালোয় গ্রামের হবিবর ও রবিউল জানান, আমাদের ২৫বিঘা জমির ধান সম্পূর্ণ জমিতে হেলে পরেছে। এরফলে কিছু ধান জমিতে ঝরে পরেছে। এখন ধান কাটতে গেলে বাড়তি কামলা লাগবে। নিরুপায় হয়ে এখন কাঁচা ধান কাটতে হচ্ছে।

রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পাইকপাড়া গ্রামের কৃষক লালমিয়া জানান, আমার কয়েক বিঘা জমির ধান পাকতে শুরু করেছে। ঠিক এই সময় শিলাবৃষ্টি হলো। জমিতে এসে দেখলাম তেমন একটা ক্ষতি হয়নি। তবে আমরা খুব ভয় পেয়েছি।

অপর কৃষক হামিদুল জানান, ঝড়বৃষ্টির ভয়ে আমার ৮শতক আগুর ধান লেবার দিয়ে কেটে ফেললাম।

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কৃষক নুরুল ইসলাম বলেন, হঠাৎ করেই রাতে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। মাঠে উঠতি আমন ধান রয়েছে। এতে কী পরিমাণ ক্ষতি হয়, সেই চিন্তায় আছি।

একই এলাকার আরেক আমনচাষি সামছুল হক বলেন, আমার কয়েক বিঘা জমির ধান পাকতে শুরু করেছে। ঠিক এই সময় শিলাবৃষ্টি হলো। এতে ধানের ব্যাপক ক্ষতি হতে পারে। অনেক টাকা খরচ করে আবাদ করেছি। এমন দুর্যোগের মুখে পড়লে আমরা কীভাবে বাঁচব?

এ ব্যাপারে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আবু ফাত্তাহ মো: রওশন কবির জানান, বৃষ্টিপাত, শিলা ও ঝড়ো বাতাসে প্রায় সাড়ে ৪ হেক্টর আমন ধান হেলে পরেছ। এতে পাকা ধানের কোন ক্ষতি হয়নি।

 কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্যমতে, জেলায় চলতি মৌসুমে ১ লাখ ২১ হাজার হেক্টর জমিতে আমনের আবাদ করা হয়েছে।

এদিকে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার গত রাতে শিলাবৃষ্টির কথা স্বীকার করে বলেন,, আগামি কয়েকদিন আবহাওয়া অনুকূলে থাকবে। তবে আগামি সপ্তাহে লঘু নিম্নচাপের কারণে বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাস রয়েছে।