মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:
জনগণের সাথে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি চব্বিশের গণঅভ্যুত্থানের ৫ই আগস্টের মতো হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, দেশের সকল ধর্ম-বর্ণের মানুষ ও জনগণকে সাথে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার বেনুবন বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের জাতীয় ও ধর্মীয় উৎসব ‘কঠিন চীবর দান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী তার বক্তব্যে দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, বিগত সময়ের ভঙ্গুর অর্থনীতি ও বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। বিএনপি যেহেতু জনগণের দল, তাই ক্ষমতার দাপট নয়, বরং জনগণের ভালোবাসা নিয়েই বিএনপি সবসময় জনগণের মাঝেই বেঁচে থাকতে চায়।
উত্তরবঙ্গ সংঘ নায়ক ভদন্ত সোমানন্দ মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম এবং জেলা প্রশাসক ইসরাত জাহান।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেনুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শুভমিত্র ভিক্ষু, আদিবাসী নেতা স্বপন এক্কা ও পিংকি তিজ্ঞাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে রংপুর অঞ্চলের বৌদ্ধ ধর্মের অনুসারী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (আদিবাসী) বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।