রংপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

2026-11-15 01:25:58
news-picture

ব্দুল্লাহ আল আমিনঃ
রংপুর সিটি কর্পোরেশন এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান হতে এসএসসি-২০২৬ পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বেলা ১২ টায় রংপুর মেডিকেল কলেজ অডিটোরিয়ামে রসিক এলাকার ৩৪ শিক্ষা প্রতিষ্ঠানের ৮০৫ জনকে রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে ও রংপুর গ্রুপের সহযোগিতায় এ সংবর্ধনা দেওয়া হয়।
বড় স্বপ্ন দেখো-বড় মানুষ হওয়ার চেষ্টা করো, তোমাদের সাফল্যে গর্বিত-রংপুর আশাবাদী বাংলাদেশ, আজকের সংবর্ধনা-আগামীর স্বপ্নজয়ের অনুপ্রেরণা, মেধার সঙ্গে সাহস যুক্ত হলে-তৈরি হয় ইতিহাস, পরিচ্ছন্ন সবুজ ও পরিকল্পিত রংপুর নগরী গড়ার প্রত্যয়ে এগিয়ে চলো, শিক্ষিত তরুনরাই-একটি জাতির সবচেয়ে বড় সম্পদ এমন ফেস্টুনে সাজানো হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাকিব আহসান, কেন্দ্রীয় ড্যাবের সহ-সভাপতি নিখেলেন্দু সংকর গুহ, রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার, উপ ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল আমিন, পরিচালক মোয়াজ্জেম হোসেন সরকার, অতিরিক্ত পরিচালক মিরাজুল মুহসিন সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন মেফতাহুল জান্নাত।

প্রধান অতিথির বক্তব্যে রসিক প্রশাসক মাহফুজ উন নবী ডন বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই  শিক্ষার্থীরা তাদের কর্মের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়বে। সেই বাংলাদেশ হবে মাদক মুক্ত, সেই বাংলাদেশ হবে সবুজ শ্যামল পরিচ্ছন্ন বাংলাদেশ। এ সময় তিনি রংপুর সিটি কর্পোরেশনকে পরিচ্ছন্ন, সবুজ-শ্যামল, মাদকমুক্ত ও যানযট মুক্ত করতে শিক্ষার্থীদের ও তাদের পরিবারের লোকজনের সহযোগিতা কামনা করেন।
রংপুর সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান  (ভারপ্রাপ্ত)  বলেন,বর্তমান অভিভাবকরা শিক্ষার্থীদের অনেক সময় সিদ্ধান্ত চাপিয়ে দেন এ মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। কোন শিক্ষার্থীর মধ্যে যদি অন্য কোন সৃজনশীল চিন্তা ভাবনা থাকে চূড়ান্ত সফলতা ওই শিক্ষার্থীর কাছ থেকে আসা সম্ভব বলে মনে করেন তিনি।
সংবর্ধনা শেষে শিক্ষার্থী আরণ্যক পাল প্রাচুর্য ও হাসনাত খান বলেন, এমন আয়োজনে আমরা আবেগে আপ্লূত। কারণ রংপুর মেডিকেল কলেজ হলরুমে আয়োজন করায় আমাদের মেডিকেল পড়ার স্বপ্নে আরো এক ধাপ এগিয়ে গেলাম। এত বড় আয়োজন করে আমাদেরকে সংবর্ধনা দেওয়ায় আমরা গর্বিত।
পূরো আয়োজনে শিক্ষার্থীরা ছাড়াও তাদের পরিবার, স্কুলের শিক্ষক, সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।**********
রংপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত-
স্বতন্ত্র হাসপাতাল প্রতিষ্ঠার দাবি
আব্দুল্লাহ আল আমিনঃঃ
“ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬। শনিবার (১৪ নভেম্বর) রংপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা।
শুরুর আয়োজনে সকাল ৮টায় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়ে সকাল সাড়ে ৯টায় নগরীর রাধাবল্লভ এলাকায় অবস্থিত সমিতির কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূণরায় কার্যালয়ে গিয়ে শেষ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক মো. সামছুজ্জামান সামু। সম্মানিত অতিথি ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম,  প্রধান আলোচক ছিলেন রংপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. জাহাঙ্গীর কবীর (পলাশ)।
রংপুর ডায়াবেটিক সমিতির সভাপতি প্রফেসর ডা. মো. আব্দুর রউফের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মো. জয়নাল আবেদীনের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. মোস্তফা আজাদ চৌধুরী। সভায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সামছুজ্জামান সামু বলেন, আমি প্রায় ২৪ বছর ধরে ডায়াবেটিসে আক্রান্ত। দীর্ঘদিন এ রোগের সঙ্গে বসবাস করেও আমি আমার নিয়মিত দায়িত্ব পালন করছি। তবে ব্যস্ততার মধ্যেও প্রত্যেককে নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। পাশাপাশি দায়িত্ব পালনে সততা ও স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সম্মানিত অতিথি মো. সাইফুল ইসলাম বলেন, নিজেদের সুস্থ রাখতে হলে আগে নিজেদের প্রতি যত্নবান হতে হবে। ডায়াবেটিস রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে রংপুরে একটি পূর্ণাঙ্গ ও স্বতন্ত্র ডায়াবেটিস হাসপাতাল প্রতিষ্ঠা জরুরি। এ লক্ষ্যে জেলা পরিষদের পক্ষ থেকে হাসপাতাল ভবন নির্মাণে সকল সহযোগীতা দেওয়ার ঘোষণা দেন তিনি।