সাপের কামড়ে কৃষক অসুস্থ, হাসপাতালে ভর্তি

2026-11-16 06:02:41
news-picture

রৌমারী (কুড়িগ্রমা) প্রতিনিধি:

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় সাপের কামড়ে দুলাল হোসেন (৩৮) নামের এক কৃষক অসুস্থ হয়ে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। রোববরা (১৫ নভেম্বর) দুপুরে চর রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের চরসাজাই গ্রামে এ ঘটনা ঘটে।

অসুস্থ কৃষক দুলাল হোসেন ওই ইউনিয়নের চরসাজাই গ্রামের মৃত গোলজার হোসেনের ছেলে। তিনি পেশায় একজন সাধারণ কৃষক।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে নেমে কচুরিপানা পরিষ্কার করছিলেন দুলাল হোসেন। এ সময় হঠাৎ পানির নিচে পা পেছিয়ে ধরে একটি সাপ তার পায়ে কামড় দেয়। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করে ওপরে উঠে আসেন এবং পায়ের আঙুল থেকে রক্ত ঝরতে দেখেন। কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তার চিকিৎসা চলছে।

এ বিষয়ে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিনহাজ জানান, সাপের কামড়ে আক্রান্ত ওই রোগীকে বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। কিছু প্রয়োজনীয় পরীক্ষার জন্য তার রক্ত সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর এবং রোগীর শারীরিক অবস্থা বুঝে পরবর্তী চিকিৎসাসেবা দেওয়া হবে।