নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত তিন দিনে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মর্ণেয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মহসীন আলী ওরফে মাগুড় (৫৫), গজঘন্টা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুরশিদার রহমান (৪২) এবং উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মোঃ তারিকুজ্জামান ওরফে তমজিদ (৪২)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ নভেম্বর রাত ৯টার দিকে মর্ণেয়া ইউনিয়নের মৌভাষা তালেবটারী এলাকায় নিজ বাড়ির কাছ থেকে মহসীন আলীকে গ্রেপ্তার করা হয়। এরপর ১৪ নভেম্বর রাতে গজঘন্টা বাজার এলাকা থেকে মুরশিদার রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। সর্বশেষ ১৫ নভেম্বর (রোববার) দুপুরে লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর বাজার এলাকা থেকে তারিকুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে গঙ্গাচড়া থানার মামলা নম্বর-২৮, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৫, জিআর নম্বর-৩১১ রয়েছে। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৬(২)(ঈ), ৮, ৯(৩), ১০ ও ১২ ধারায় মামলাটি করা হয়েছে।
এর আগে মহসীন আলীকে গ্রেপ্তারের পর ১৩ নভেম্বর সকালে আদালতে সোপর্দ করা হয়। পরে গ্রেপ্তার হওয়া অপর দুজনকেও আদালতে সোপর্দ করা হয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের তিন নেতাকে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।