নিজস্ব প্রতিবেদক:
তিস্তা মহাপরিকল্পনার চূড়ান্ত ও সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা, দ্রুত প্রকল্প অনুমোদন এবং বাস্তবায়নে পৃথক বাজেট বরাদ্দসহ ছয় দফা দাবি জানিয়েছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও আন্দোলন। সোমবার (১৬ নভেম্বর) সকালে রংপুর নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, ২০২৫ সালে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে তিস্তা অববাহিকায় যে গণআন্দোলন গড়ে উঠেছিল, তা ছিল উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও অধিকার আদায়ের সম্মিলিত প্রয়াস। ওই আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিলেন বর্তমান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের ঐক্যের ডাকে সাড়া দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন।
তারা আরও বলেন, ২০১৫ সাল থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও আন্দোলন। সম্প্রতি পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি বছরেই প্রকল্পের কাজ শুরুর ঘোষণা দিয়েছেন এবং আগামী ৭ থেকে ৮ বছরের মধ্যে পুরো প্রকল্প বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেছেন। মন্ত্রীর এ ঘোষণাকে স্বাগত জানিয়ে আন্দোলনকারীরা বলেন, শুধু আশ্বাস নয়, প্রকল্প বাস্তবায়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও সময়সীমা জনগণের সামনে প্রকাশ করতে হবে।
তাদের প্রশ্ন, চলতি বছরের ঠিক কোন সময়ে প্রকল্পের কাজ শুরু হবে? চূড়ান্ত অনুমোদন কবে দেওয়া হবে? প্রকল্পের অর্থায়নের উৎস কী? প্রথম পর্যায়ে কত টাকা বরাদ্দ থাকবে এবং পর্যায়ক্রমে পুরো প্রকল্প বাস্তবায়নের সময়সূচি কী হবে? এসব বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা প্রয়োজন।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, তিস্তা মহাপরিকল্পনাকে কেবল নদী খনন, বাঁধ নির্মাণ কিংবা অবকাঠামো উন্নয়নের প্রকল্প হিসেবে দেখলে চলবে না। এটি হতে হবে নদী পুনরুদ্ধার, বিজ্ঞানভিত্তিক পানি ব্যবস্থাপনা, কৃষির বিকাশ, পরিবেশ সংরক্ষণ এবং নদীপাড়ের মানুষের জীবন-জীবিকা রক্ষার সমন্বিত মহাপরিকল্পনা।
তারা পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পদ্মা ব্যারেজের জন্য ৩৫ হাজার কোটি টাকা বিনিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। তাহলে উত্তরাঞ্চলের কোটি মানুষের জীবন-জীবিকার সঙ্গে জড়িত তিস্তা মহাপরিকল্পনা কেন একই গুরুত্ব ও অগ্রাধিকার পাবে না?
নেতারা বলেন, উত্তরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে নদীভাঙন, খরা, পানির সংকট ও দারিদ্র্যের সঙ্গে লড়াই করছেন। ঢাকাসহ দক্ষিণাঞ্চলে তিন লাখ কোটি টাকারও বেশি ব্যয়ে বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়িত হলেও উন্নয়ন বরাদ্দ ও অগ্রাধিকারের ক্ষেত্রে রংপুর বিভাগ দীর্ঘদিন ধরে অবহেলিত। এ বৈষম্য দূর করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
আন্দোলনকারীদের ছয় দফা দাবি
সংবাদ সম্মেলনে উত্থাপিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে— ১. দ্রুত প্রকল্প অনুমোদন ও রোডম্যাপ ঘোষণা: তিস্তা মহাপরিকল্পনা দ্রুত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন করতে হবে। প্রকল্পের মোট ব্যয়, পর্যায়ভিত্তিক কাজ, প্রথম পর্যায়ের কাজ শুরুর নির্দিষ্ট তারিখ এবং আগামী ৭ থেকে ৮ বছরের মধ্যে প্রকল্প সমাপ্তির সময়সূচি ঘোষণা করতে হবে।
২. পৃথক বাজেট বরাদ্দ ও তিস্তা বন্ড চালু: জাতীয় বাজেট ও বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) তিস্তা মহাপরিকল্পনার জন্য পৃথক বরাদ্দ রাখতে হবে। প্রয়োজনে সরকারি তত্ত্বাবধানে প্রবাসী বাংলাদেশি, দেশীয় বিনিয়োগকারী ও সাধারণ মানুষের অংশগ্রহণে সঞ্চয়পত্রের আদলে ‘তিস্তা বন্ড’ চালু করতে হবে।
৩. জবাবদিহিমূলক তিস্তা কর্তৃপক্ষ গঠন: নদী বিশেষজ্ঞ, প্রকৌশলী, কৃষিবিদ, পরিবেশবিদ ও তিস্তা আন্দোলনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি শক্তিশালী ও জবাবদিহিমূলক তিস্তা কর্তৃপক্ষ গঠন করতে হবে। দক্ষ প্রকল্প পরিচালক নিয়োগের পাশাপাশি বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
৪. নদীর সম্পদ ব্যবস্থাপনায় বৈজ্ঞানিক নীতিমালা: বৈজ্ঞানিক জরিপের ভিত্তিতে বালু-পাথর উত্তোলন ও ব্যবস্থাপনার নীতিমালা প্রণয়ন করতে হবে। এ খাত থেকে অর্জিত রাজস্বের একটি নির্ধারিত অংশ নদী পুনরুদ্ধার, ভাঙন প্রতিরোধ ও ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে ব্যয় করতে হবে। একই সঙ্গে অপরিকল্পিত ও বিক্ষিপ্ত উন্নয়নকাজ বন্ধ করতে হবে।
৫. তিস্তার খাসজমি দখল ও বরাদ্দ বন্ধ: তিস্তা নদীর খাসজমি কোনো সংস্থা, কোম্পানি কিংবা প্রভাবশালী গোষ্ঠীকে বরাদ্দ দেওয়া যাবে না। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ভূমিহীন কৃষক ও প্রকৃত অধিকার হারানো মানুষের পুনর্বাসন এবং কৃষিকাজের সুযোগ নিশ্চিত করতে হবে।
৬. কৃষি ও স্থানীয় মানুষের জীবন-জীবিকার উন্নয়ন: কৃষক সমাজের মাধ্যমে বীজ, সার, কৃষিযন্ত্র, সেচ, হিমাগার এবং কৃষিপণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণের কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে। মহাপরিকল্পনার সুফল যেন প্রকৃত কৃষক, শ্রমজীবী ও স্থানীয় মানুষ পান, তা নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনে আন্দোলনের নেতারা বলেন, তিস্তা শুধু একটি নদী নয়, উত্তরাঞ্চলের মানুষের জীবন, জীবিকা, অর্থনীতি ও অস্তিত্বের সঙ্গে জড়িয়ে থাকা এক গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। তাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আর কোনো বিলম্ব নয়; প্রয়োজন সুনির্দিষ্ট রোডম্যাপ, পর্যাপ্ত অর্থায়ন এবং কার্যকর উদ্যোগ।