পীরগঞ্জ, (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে নবাগত চার শীর্ষ কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং পুলিশ পরিদর্শক (তদন্ত)’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে প্রেসক্লাবের সভাপতি মাজহারুল আলম মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী, সহকারী কমিশনার (ভূমি) মহসিন খন্দকার, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ও পুলিশ পরিদর্শক (তদন্ত) নুর আলম সাংবাদিকদের সাথে পরিচিতি শেষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পীরগঞ্জের উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবার মানোন্নয়নে উপজেলা প্রশাসন আন্তরিক। এ ক্ষেত্রে সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রশাসনের কোনো কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সকলে মিলে একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত পীরগঞ্জ গড়ে তুলতে চাই।
এ সময় উপস্থিত সাংবাদিকরা পীরগঞ্জের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কর্মকাণ্ড ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন। নবাগত কর্মকর্তারা সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করেন। সভায় পীরগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও সহযোগী সদস্যরা উপস্থিত ছিলেন।