নিজস্ব প্রতিবেদক:
চব্বিশ ঘণ্টার ব্যবধানে রংপুর নগরীতে দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একটি বাস দুর্বৃত্তদের দেওয়া আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে বলে অভিযোগ উঠেছে। অন্য বাসটিতে আগুন লাগার ঘটনায় পুলিশের প্রাথমিক ধারণা, মেরামতের সময় ওয়েল্ডিংয়ের ফুলকি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। পরপর দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় নগরীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে বাসে আগুন দেওয়ার প্রতিবাদে মহানগর যুবদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীর রাতে নগরীর পর্যটন মোড় এলাকায় ফুরফুরা খানকা শরিফের সামনে। লুমিনাস ক্যাডেট কোচিং সেন্টারের শিক্ষার্থীদের পরিবহন শেষে বাসটি সেখানে রাখা ছিল। গভীর রাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে কারা এবং কী উদ্দেশ্যে বাসটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কোচিং সেন্টার সূত্রে জানা গেছে, ২৮ আসনের বাসটিতে প্রতিষ্ঠানের ৫০ জন আবাসিক শিক্ষার্থীর যাতায়াতের ব্যবস্থা করা হতো। বাসটি পুড়ে যাওয়ায় শিক্ষার্থীদের নিয়মিত ও নিরাপদ যাতায়াত নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
লুমিনাস ক্যাডেট কোচিং সেন্টারের পরিচালক নাহিদ ইকবাল মাসুম বলেন, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে বাসটি কেনা হয়েছিল। প্রতিদিনের মতো শিক্ষার্থীদের পরিবহন শেষে বাসটি কোচিং সেন্টারের সামনে রাখা ছিল। গভীর রাতে দুর্বৃত্তরা এতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় তাঁর দীর্ঘদিনের পরিশ্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা বড় ধরনের ধাক্কা খেয়েছে। তবে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিয়ে।
অন্যদিকে, বুধবার বিকেল ৩টার দিকে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার মাছের আড়তের পাশে একটি গ্যারেজে হৃদয় পরিবহনের আরেকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাসটির মালিক হৃদয় চৌধুরী জানান, সকালে মেরামতের জন্য বাসটি তাঁর নিজস্ব গ্যারেজে রাখা হয়েছিল। মেরামতের কাজ চলাকালে দুপুরের খাবার খেতে মেকানিকরা বাইরে গেলে কে বা কারা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটি আগুনে পুড়ে যায়।
তবে ঘটনাস্থল পরিদর্শন শেষে রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট সুলতান আরেফিন জানান, বাসটির ভেতরে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। কাজের সময় আগুনের ফুলকি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুন লাগার সময় বাসের ভেতরে কেউ ছিলেন না। কর্মীরা আগেই বাস থেকে নেমে গিয়েছিলেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওয়াদুদ আলম বলেন, বাসে অগ্নিসংযোগের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিসি) সনাতন চক্রবর্তী জানান, বাসে অগ্নিসংযোগের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অন্য এলাকার অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, শান্ত রংপুরের পরিবেশ অস্থিতিশীল করার কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এদিকে, বাসে আগুন দেওয়ার ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে রংপুর মহানগর যুবদল নগরীতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।